কক্সবাংলা ডটকম(১৯ মে) :: লিবিয়ার বেনগাজী থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ১৭০ বাংলাদেশিকে।
মঙ্গলবার ভোর ৫টায় বাংলাদেশে অবতরণ করেছে তাদের বহনকারী বুরাক এয়ারের একটি ফ্লাইট।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় পরিচালিত হয় এই প্রত্যাবাসন কার্যক্রম।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে অনুপ্রবেশ করেছিলেন লিবিয়ায়।
সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন তারা। জনসচেতনতা বাড়াতে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করাার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গেছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে যৌথভাবে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।













