শুক্রবার ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থানের কাছে হেরে IPL থেকে বিদায় হায়দরাবাদের

🗓 বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: IPL-এর এলিমিনেটরের মতো ম্যাচে স্নায়ুর চাপ সামলানো যে কতটা গুরুত্বপূর্ণ তা আরও একবার বোঝা গেল বুধবার।

ওপেনে নেমেই বিধ্বংসী ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে মঞ্চ গড়ে দিয়েছিল ১৫ বছরের বৈভব সূর্যবংশী। সেই মঞ্চে আগুন ঝরালেন জোফ্রা আর্চার।

ব্যাট হাতে কামিন্স, মালিঙ্গাদের শাসন করেছিল বৈভব-ধ্রুবরা। নতুন বল হাতে সানরাইজ়ার্স হায়দরাবাদের ব্যাটিংয়ে ধস নামালেন আর্চার-জাডেজারা।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪৩ রান তুলেছিল রাজস্থান। জবাবে ১৯৬ রানে থামল হায়দরাবাদের ইনিংস।

এলিমিনেটরে ৪৭ রানে জিতে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল রাজস্থান। IPL থেকে ছিটকে গেল কামিন্স-ঈশানদের SRH।

বৈভবের দাপুটে ইনিংস

ওপেনে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে বৈভব। মাত্র ১৬ বলে পূর্ণ করে হাফসেঞ্চুরি। রানের গতি কমেনি তারপরেও। তবে একটুর জন্য হাতছাড়া হয় সেঞ্চুরি। প্রফুল হিঙ্গের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেয় স্মরণ রবিচন্দ্রনের হাতে। ২৯ বলে ৯৭ করে আউট হয় সে। প্রায় ৩৩৫ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও ১২টি ছক্কা।

শেষ ল্যাপে ব্যাটিং বিপর্যয়

তবে বৈভব ছাড়া বড় রান পাননি কেউই। শুরুটা ভালো করেও আউট হন যশস্বী জয়সওয়াল (২৯), রিয়ান পরাগ (২৬)। তবে শেষ দিকে ধস নামে রাজস্থানের ইনিংসে। ১৫.১ ওভারে ২০৭-৩ স্কোর ছিল তাদের।

কিন্তু শেষ ৪.৫ ওভারে ৩৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় রাজস্থান। ফলে ২৪৩ রানে থামে রাজস্থানের ইনিংস। তিন উইকেট নিলেও ৫৪ রান দেন প্রফুল হিঙ্গে। ৪ ওভারে ৬৪ রান দিলেও কোনও উইকেট পাননি প্যাট কামিন্স।

আর্চারের আগুনে বোলিং

২৪৪ রান তাড়া করতে নেমে বিপাকে পড়ে হায়দরাবাদ। মুল্লানপুরের পিচে নতুন বল হাতে জ্বলে ওঠেন জোফ্রা আর্চার। প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে ফেরান অভিষেক শর্মাকে। বিপজ্জনক হয়ে ওঠার আগে আউট করেন ঈশান কিষানকে (১১ বলে ৩৩)। আর্চারের বলেই আউট হন ট্র্যাভিস হেড (১৭)। স্মরণ রবিচন্দ্রনকে ফেরান আর এক পেসার নান্দ্রে বার্গার। আর এক তারকা ব্যাটার হেনরিখ ক্লাসেনও আউট হন ১৮ রান করে।

নীতীশ-সলিলের লড়াই

৮১ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল SRH। এই অবস্থা থেকে কিছুটা লড়াই করেন নীতীশ কুমার রেড্ডি ও সলিল অরোরা। তবে সেই জুটিতে ভাঙন ধরান জাডেজা। ৩৮ করে ফেরেন নীতীশ। নিজের পরের ওভারে সেই জাডেজাই ফেরান সলিলকে (২১ বলে ৩৫)। শেষে শিবং কুমার ২৭ করলেও তাতে লাভ হয়নি। ১৯.২ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। তিন উইকেট নেন আর্চার। জাডেজা নিয়েছেন দু’টি।

কাদের বিরুদ্ধে খেলবে রাজস্থান?

এলিমিনেটরে জিতে কোয়ালিফায়ার ২-তে জায়গা করে নিল রাজস্থান রয়্যালস। ২৯ মে মুল্লানপুরের এই মাঠেই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে তারা। প্রথম কোয়ালিফায়ারে RCB-র কাছে হেরে গিয়েছিল শুবমানের গুজরাট। এ বার ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ রাজস্থান। শুক্রবার নজর থাকবে এই ম্যাচে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর