দীপন বিশ্বাস :: আগামী ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
সফরের বিভিন্ন কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বিতভাবে কাজ করছেন।
বুধবার (১০ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নির্ধারিত বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির স্থান, চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভাস্থল, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান এবং মাতামুহুরি উপজেলার নির্ধারিত এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে শাহজাহান চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর জেলার উন্নয়ন ও অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সফরের প্রতিটি কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সফর স্মরণীয় হয়ে থাকবে বলে আমরা আশাবাদী।”
এ সময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৯ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, “প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিগুলো নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। নিরাপত্তা, যানবাহন চলাচল এবং জনসমাগম ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে সাজসজ্জা, অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশেষ করে চকরিয়া, পেকুয়া, ডুলাহাজারা ও কক্সবাজার শহরের নির্ধারিত কর্মসূচিস্থলগুলোতে প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ চলছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুন সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত পথসভায় অংশ নেবেন।
পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
এছাড়া পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
একই সফরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন।
পরে শহরের একটি হোটেলে আয়োজিত সুধী সমাবেশে যোগদান শেষে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
সফরসূচি অনুযায়ী, একই দিন রাত ১১টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।














