বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে ৬ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ টমটম

🗓 বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

👁️ ৩৫ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

👁️ ৩৫ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::  কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ তিনজন সক্রিয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি টমটমও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জিল্লুর রহমান (২৫), মো. কাইয়ুম (২৭) এবং মো. নুরুল হুদা ভুট্টু (২৫)। তারা সবাই ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদগাঁও থানার এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন টহল ডিউটিতে ঈদগাঁও বাজার এলাকায় অবস্থান করছিলেন।

এ সময় ভোর সোয়া ৩টার দিকে একটি তিন চাকার মিনি টমটম দ্রুতগতিতে পূর্ব লরাবাগের দিকে যেতে দেখে সন্দেহ হয় পুলিশের।

পরে গাড়িটির পিছু নিয়ে পূর্ব লরাবাগের এরশাদ স্টোর সংলগ্ন সড়কে সেটি থামানো হয়।

স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাড়ি ও আরোহীদের তল্লাশি চালিয়ে জিল্লুর রহমানের কাছ থেকে ৪ হাজার পিস এবং মো. কাইয়ুমের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘স্যান্ডি’ লেখা একটি মিনি টমটম জব্দ করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর