সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার এক দায়িত্বশীল বৈঠক শনিবার (২০ জুন) সকালে শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদীসহ বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ এ দেশের সমান মর্যাদাসম্পন্ন নাগরিক। রাজনৈতিক উদ্দেশ্যে অপ্রয়োজনীয় বিষয়কে ইস্যু বানিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা উচিত নয়।
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে যে জনআকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল, সরকার তা যথাযথভাবে বাস্তবায়ন করছে না। জনগণের মতামত ও গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি।
এ সময় কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর উপস্থিতির কারণে স্থানীয় ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন সভা-সমাবেশ ও বিবৃতির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।
গত ছয় মাসে জেলায় অর্ধশতাধিক হত্যাকাণ্ড, শতাধিক ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা এবং প্রায় অর্ধশতাধিক অপহরণের ঘটনা ঘটেছে বলে দাবি করে তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার আমীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।














