কক্সবাংলা ডটকম(২৫ জুন) :: দীর্ঘ প্রায় দুই বছর পরে বাংলাদেশিদের জন্য ফের ভারতের পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালু করার কথা ঘোষণা করল নয়াদিল্লি।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে (IVAC) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। যাঁকে, কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ণমন্ত্রীর সমমর্যাদা দিয়েছে মোদী সরকার।
গত ১২ জুন তিনি ঢাকায় তাঁর কার্যভার গ্রহণ করেছিলেন। বৃহস্পতিবারই বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন দীনেশ। তার পরেই এই বড় ঘোষণা। যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে নয়াদিল্লির চেষ্টার অংশ হিসেবেই দেখা হচ্ছে।
কবে থেকে আবেদন, কোথায় মিলবে ভিসা?
দীনেশ ত্রিবেদী জানান, আগামী রবিবার অর্থাৎ, ২৮ জুন থেকেই বাংলাদেশীদের ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা শুরু হবে। প্রাথমিক ভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার ভিসা আবেদন কেন্দ্রগুলি থেকে এই পরিষেবা মিলবে।
পর্যায়ক্রমে অন্যান্য শহরের কেন্দ্রগুলিতেও এই কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। এর সঙ্গে আগের মতো জরুরি মেডিক্যাল ভিসা পরিষেবাও চালু থাকছে।
সাংবাদিক সম্মেলনে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম ফের শুরু করছি। আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’
দীর্ঘ ২১ মাসের অচলাবস্থার অবসান
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের পরে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কারণে ৪ অগস্ট থেকেই ভারতীয় ভিসা কেন্দ্রগুলির কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির জেরে ওই বছরের ২১ ডিসেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা প্রদান পুরোপুরি স্থগিত রাখে নয়াদিল্লি।
এ দিকে চিকিৎসা, ভ্রমণ বা পারিবারিক প্রয়োজনে ভারতে আসতে চান হাজার হাজার বাংলাদেশি। প্রায় ২১ মাস পরে এই পরিষেবা স্বাভাবিক হওয়ায় তাঁরা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

দীনেশ ত্রিবেদীকে বিশেষ মর্যাদা
তাৎপর্যপূর্ণ ভাবে, বাংলাদেশে নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে তাঁর আনুষ্ঠানিক কর্মকাণ্ডের জন্য কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডার সেক্রেটারির সই করা এক বিশেষ স্মারকে এই নির্দেশিকা জারি করা হয়।
এর আগে ঢাকায় বরাবর পেশাদার কূটনীতিকদেরই হাইকমিশনার হিসেবে নিয়োগ করে এসেছে নয়াদিল্লি। এ বার সেই প্রচলিত ধারা থেকে সরে এসে দীনেশ ত্রিবেদীর মতো একজন প্রবীণ রাজনীতিককে এই পদে বসানো হয়েছে। সেই সঙ্গে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদাও দেওয়া হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে এটা সাউথ ব্লকের একটি কৌশলগত বড় পদক্ষেপ। নয়াদিল্লি কিন্তু হাত বাড়িয়ে দিল, ঢাকা তা ধরবে কি?














