কক্সবাংলা ডটকম(৩১ জুলাই) :: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন।
তিনি ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম নিউইয়র্ক সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তার প্রথম ভাষণ।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
সফরকালে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠক করবেন। সংক্ষিপ্ত এই সফরে তিনি চার থেকে পাঁচ দিন নিউইয়র্কে অবস্থান করবেন।
২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।














