শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে তিন দিনব্যাপী পর্যটন মেলা

🗓 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৮১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৮১ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন মেলা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের পর্যটন জোনের লাবণী পয়েন্টে সৈকতের উন্মুক্ত মঞ্চে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না এবং কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে লুৎফুর রহমান কাজল বলেন, কক্সবাজারকে আরও পর্যটনবান্ধব করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। পর্যটকদের আকৃষ্ট করতে হলে প্রথমেই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে না থাকলে পর্যটকরা কক্সবাজারে আসতে আগ্রহ হারাবেন।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতের মতো প্রাকৃতিক সম্পদ থাকার পরও কক্সবাজারকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে না পারা দুঃখজনক। এ জন্য পর্যটনসংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কক্সবাজারকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি পর্যটকদের নিরাপদে চলাচল ও বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ, ব্যবসায়ী এবং পর্যটনসংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে শুক্রবার সকালে সমুদ্রসৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে তিন দিনব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

মেলার প্রথম দিনে ছিল লোকজ সংগীত, ফায়ার শো, ব্যান্ড শোসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকেল থেকে রাত এশা পর্যন্ত এসব আয়োজন উপভোগ করতে পারবেন পর্যটক ও দর্শনার্থীরা।

মেলায় কক্সবাজারের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও স্থানীয় পণ্যের অর্ধশতাধিক স্টল বসানো হয়েছে। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।

বিশ্ব পর্যটন দিবসের সমাপনী দিনে আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পর্যটন দিবসের গুরুত্ব ও কক্সবাজারের পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া বিকেল ৩টায় ঘুড়ি উৎসব, ৪টায় সি-সেফ লাইফগার্ডের জরুরি সেবা ও ফার্স্ট এইড কার্যক্রমের প্রদর্শনী এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনা থাকবে। একই সঙ্গে থাকবে রাখাইন নৃত্য এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে চাকমা, ম্রো ও রাখাইন নৃগোষ্ঠীর নৃত্য পরিবেশনা।

রাত ৮টার পর ‘আঁলা’ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ পর্যটন মেলা।

আয়োজকদের আশা, পর্যটন মেলার এ আয়োজনের মাধ্যমে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও জীবনযাত্রাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে কক্সবাজারের পর্যটন খাতের সম্ভাবনা ও বৈচিত্র্য নতুন করে সবার সামনে তুলে ধরবে এ আয়োজন।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর