নজরুল ইসলাম, কুতুবদিয়া :: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব’ শ্লোগানে কক্সবাজারের কুতুবদিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা মাঠে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কলাকৌশল ও সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।
এ সময় উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে দুর্যোগের সময় করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাবুদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, জাইকার প্রকল্প কর্মকর্তা জামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানোই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।
এ জন্য সকলকে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকার আহ্বান জানানো হয়।













