বুধবার ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপদে ফিরলেন চকরিয়ার বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৩২ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৩২ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক, চকরিয়া :: অবশেষে উচ্চ আদালতের নির্দেশে আইনী লড়াইয়ের মাধ্যমে পুনরায় স্বপদে বহাল হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম।

সোমবার ( ৩০ মার্চ) তারিখে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার সুমাইয়া বিনতে আফছার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই আদেশে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান কতৃক অনুমোদন দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের একটি মামলার আসামি হিসেবে কক্সবাজারের জেলা প্রশাসন বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করেন।

ওই বরখাস্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে (উচ্চ আদালতে) একটি আপিল মামলা করেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সেসময় হাইকোর্ট আপিল শুনানি শেষে তাঁকে স্বপদে বহাল রাখার নির্দেশনা দেন এবং এবিষয়ে পদক্ষেপ নিতে সেসময়ের কক্সবাজারের জেলা প্রশাসককে নির্দেশনা দেন। কিন্তু সেই নির্দেশনা এতদিন সুরাহা হয়নি।

এরইমধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী দেশের পটপরিবর্তনের পর চকরিয়া উপজেলার বিভিন্ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা এলাকায় অনুপস্থিত রয়েছে, মামলা মোকদ্দমা সংক্রান্ত জটিলতার কারণে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছে না জানিয়েছে জেলা প্রশাসক কার্যালয় থেকে ওইসময় ভিন্ন ভিন্ন আদেশে ইউপি চেয়ারম্যান শুন্য ইউনিয়ন পরিষদ গুলোতে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাকে প্রশাসক এবং কয়েকটি ইউনিয়ন পরিষদে এক নম্বর প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সেই প্রেক্ষাপটে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারী তারিখে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদের এক নম্বর প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল মানিককে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে অফিস আদেশ দেন জেলা প্রশাসন।

এই অবস্থায় গতমাসে ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম হাইকোর্টে পুনরায় একই বিষয়ে আবেদন করেন। এসময় আদালত তাঁর আপিল মামলায় আগে দেওয়া আদেশের উপর দ্বিতীয়বার সময় মঞ্জুর (Time Extension) করেন এবং এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে আবারও আদেশ দেন।

আদালতের সেই বিষয়টি জানিয়ে সর্বশেষ গত ৪ মার্চ ২০২৬ ইংরেজি তারিখে চেয়ারম্যান পদ ফিরে পেতে পুনরায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক এ সংক্রান্ত মতামতসহ প্রতিবেদন দিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশনা দেন। এরই আলোকে গত ২৪ মার্চ চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার লিখিত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরন করেন।

মূলত চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার কতৃক মতামত প্রতিবেদন দাখিলের পর সোমবার (৩০ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার সুমাইয়া বিনতে আফছার স্বাক্ষরিত এক অফিস আদেশে এসএম জাহাঙ্গীর আলমকে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে অনুমতি সহকারে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বপদে বহাল হওয়ায় সন্তোষ প্রকাশ করে বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বলেন, সবসময় সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের প্রতিটি এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে কাজ করবো। বিএমচরবাসি আমাকে দুইবার চেয়ারম্যান বানিয়েছে। আমি জনগণের সুখ-দুঃখে এবং তাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলারক্ষার সার্বিক অগ্রগতি সাধনের মাধ্যমে বিএমচরকে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষে কাজ করবো ইনশাআল্লাহ।

প্রসঙ্গতঃ ২০২১ সালের ২৮ নভেম্বর কক্সবাজার জেলায় তৃতীয়ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চকরিয়া উপজেলার বিএমচর (ভেওলা মানিকচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী এসএম জাহাঙ্গীর আলম। এর আগে তিনি ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবার বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ার সীমান্তে মাইন আতঙ্ক

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর