রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্বার

🗓 শনিবার, ১১ এপ্রিল ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১১ এপ্রিল ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে অ্যান্টি-পারসোনেল মাইন, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)সহ বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ভোর পৌনে পাঁচটার দিকে সীমান্ত পিলার ৫৩ ও ৫৪-এর মধ্যবর্তী ছড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রীর মধ্যে রয়েছে—৫টি অ্যান্টি-পারসোনেল মাইন, ৫টি আইইডি, ১টি ডেটোনেটর, ১টি সোলার প্যানেল, বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ, একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক এবং কিছু সিভিল পোশাক।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়কের ছড়াপাড়া এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

এসময় সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল লক্ষ্য করা গেলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ ফেলে গহীন পাহাড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে বাইশফাঁড়ী এলাকায় পৃথক আরেকটি অভিযানে সীমান্ত পিলার ৩৭/২-সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে মালিকানাবিহীন অবস্থায় দাহ্য পদার্থ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৩ কেজি দাহ্য পদার্থ, মেপোক্স, নাইলন কাপড় ও দাহ্য রাসায়নিক তরল।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, উদ্ধারকৃত মাইন ও আইইডি তাৎক্ষণিকভাবে বালুর বস্তা দিয়ে নিরাপদ করা হয়েছে এবং লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।

জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

এদিকে, ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির পিএসসি বলেন, উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী পরীক্ষার জন্য চট্টগ্রামের বিশেষায়িত রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর