দীপন বিশ্বাস :: কক্সবাজারে পৃথক দুটি এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প ও কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং এলাকার আলী ফকির ডেইল গ্রামে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।
সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে রিনা মনি (৮) নামে এক শিশুকে পুকুর থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার শিক্ষার্থী; তার বাবা রফিক ও মা আখি মনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মায়ের সঙ্গে কাপড় ধোয়ার সময় এক পর্যায়ে সবার অগোচরে চলে যায় রিনা।
পরে তাকে খুঁজে না পেয়ে আশপাশে তল্লাশি চালানো হয়।
একসময় পাশের পুকুরে পড়ে যাওয়ার আশঙ্কায় খোঁজ করলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
অন্যদিকে, একইদিন বিকেল সাড়ে ৩টার দিকে কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং আলী ফকির ডেইল গ্রামে ওয়াসিম (৪) নামে আরেক শিশুর মৃত্যু হয়।
সে নানার বাড়িতে বেড়াতে গিয়ে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ওয়াসিমকেও মৃত ঘোষণা করেন।
এ দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।













