দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
তিনটি পৃথক অভিযানে মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, ৪ মে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পালংখালী ও হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারীদের গতিবিধি শনাক্ত করে অভিযানগুলো পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল উলুবনিয়া মাঝেরকাটি এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
একই দিন উলুবনিয়া পশ্চিমপাড়া ব্রিজ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে আরও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অপরদিকে, হোয়াইক্যং বিওপি’র টহলদল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানে এ ব্যাটালিয়ন ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














