মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওর বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মৌলভী আবুল হাশেম প্রকাশ বিমান মৌলভী আর নেই।
শুক্রবার (৮ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটে বাজারসংলগ্ন জাগিরপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
সম্প্রতি ঢাকার পান্থপথের বিআরবি হাসপাতালে প্রায় ১৫ দিন চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে গত ৪ মে নিজ বাড়িতে ফেরেন। এরপর শুক্রবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম বিমান মৌলভী পোকখালী ইউনিয়নের মধ্যম ইছাখালী দরগাহমোরা এলাকার মৃত হাজী আব্দুর রশিদের পুত্র।
তিনি ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী ছৈয়দ আলমের মেয়ের জামাতা এবং মরহুম আমির সওদাগরের ছোট ভাই ছিলেন।
মরহুমের ভাইপো ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা বদিউল আলম জানান, পাঁচ ভাই ও এক বোনের মধ্যে বিমান মৌলভী ছিলেন পরিবারের চতুর্থ সন্তান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে শাহাদাত হোছাইন জানান, শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
পরে পোকখালী ইউনিয়নের ইছাখালী দরগাহমোরা এলাকার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বিমান মৌলভী ছিলেন একজন দানশীল ও ধর্মপ্রাণ ব্যক্তি।
তিনি পোকখালী এমদাদুল উলুম মাদ্রাসায় নিজ অর্থায়নে একতলা ভবন নির্মাণ, নিজ এলাকায় হাফেজখানা প্রতিষ্ঠাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত সহায়তা প্রদান করেছেন।
তিনি ঐতিহ্যবাহী পোকখালী ও পটিয়া মাদ্রাসায় পড়ালেখা করেন।
ব্যবসায়িক জীবনেও তিনি ছিলেন সফল উদ্যোক্তা।
স্থানীয়দের মতে, ১৯৮৫ সালে এ অঞ্চলে প্রথম ব্রিকফিল্ড স্থাপনের কৃতিত্ব তাঁর। আলমাছিয়া মাদ্রাসা সড়কসংলগ্ন এম কে ব্রিকফিল্ডসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি।
১৯৮১ সাল থেকে তিনি স্থায়ীভাবে ঈদগাঁওয়ে বসবাস শুরু করেন এবং জাগিরপাড়ার ১ নম্বর ওয়ার্ডের ভোটার ছিলেন।
এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জাগিরপাড়ার বাসভবনে ছুটে যান ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ব্যবসায়ী মুফিজুর রহমান মুফিজ, ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক নুরুল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।














