কক্সবাংলা রিপোর্ট :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার আলোচিত ঘটনার মূল হোতাসহ ৭ জনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা পর্যটক পরিচয়ে কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আত্মগোপন করে ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৮ মে) গভীর রাত পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে র্যাব-১৫ কক্সবাজার এবং র্যাব-১ ঢাকার সদস্যরা কক্সবাজারের সুগন্ধা ও কলাতলী হোটেল-মোটেল জোনের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।
জানা গেছে, গত ৫ মে ভোররাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চনপুর ইউনিয়নের চালপাড়া এলাকায় একটি মামলার আসামি শাহীন মিয়াকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ।
এসময় শীর্ষ সন্ত্রাসী শামীম ও করিমের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা পুলিশের সরকারি গাড়ি ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে এবং পুলিশের হেফাজত থেকে আসামিকে ছিনিয়ে নেয়।
হামলায় কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে কক্সবাজারে পালিয়ে এসে পর্যটক সেজে বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান নেয়।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, পলাতক আসামিরা কক্সবাজারের সুগন্ধা ও কলাতলী এলাকার বিভিন্ন হোটেলে অবস্থান করছে।
এরপর যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. শামীম মিয়া (৪০) — প্রধান পরিকল্পনাকারী
২. মো. আব্দুল করিম (৩৫) — অন্যতম হোতা
৩. মো. রুবেল (৩২)
৪. মো. মামুন (৩৮)
৫. মো. খালেদ (৪৪)
৬. মো. আবুল (৪২)
৭. মো. মানিক হোসেন (৪০)
তাদের সকলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বগাঁও এলাকার দাপাড়া পুনর্বাসন কেন্দ্রে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শামীম মিয়া একজন তালিকাভুক্ত দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য আইন এবং পুলিশের ওপর হামলাসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
এছাড়া আব্দুল করিমের বিরুদ্ধে হত্যা ও মাদক সংশ্লিষ্ট ৫টি মামলা এবং রুবেলের বিরুদ্ধেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।














