কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক পুলিশ সুপার ড. মো. জিল্লুর রহমান সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক আদেশে তাকে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

ড. মো. জিল্লুর রহমান ২০২১-২০২২ সময়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর দায়িত্বকালীন সময়ে পর্যটকদের নিরাপত্তা জোরদার ও সৈকত এলাকায় সেবার মান উন্নয়নে তিনি বেশ কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।
বিশেষ করে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ট্যুরিস্ট হেল্প ডেস্ক স্থাপন পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
এছাড়া সৈকত এলাকায় ছিনতাইকারী, প্রতারক ও পর্যটকদের সঙ্গে অসদাচরণকারীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সেন্টমার্টিনসহ কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটে নিরাপত্তা নিশ্চিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পুলিশ সূত্রে জানা যায়, ড. মো. জিল্লুর রহমান ১৮তম বিসিএসের মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
দীর্ঘ চাকরি জীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও মাঠপর্যায়ের কার্যকর তৎপরতার কারণে তিনি পুলিশ প্রশাসনে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে তার যোগদানে সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।















