কক্সবাংলা রিপোর্ট :: টানা ৬-৭ দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার সদর উপজেলার মধ্যম মুহুরীপাড়া এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের গনি সওদাগর পাড়াসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে তিনি জলাবদ্ধতায় আক্রান্ত এলাকাগুলো ঘুরে দেখার পাশাপাশি সেখানে স্থাপিত তিনটি জরুরি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জানান, জেলার সকল সুইচগেট পানি নিষ্কাশন ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে খুলে দেওয়া হয়েছে।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় ৬৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা দুর্গত পরিবারগুলোর কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন।
তিনি আরও জানান, বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত মানুষের জরুরি সহায়তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রয়েছে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আজাদের রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।















