সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কুখ্যাত সন্ত্রাসী ‘মিন্টু বাহিনী’র প্রধান মিন্টুকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে মহেশখালীর একটি দুর্গম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আগে থেকেই পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল মিন্টুর আস্তানাটি ঘেরাও করে। অভিযানের একপর্যায়ে তাকে আটক করা হয়।
পরে সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গোলাবারুদ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া উইং জানিয়েছে, আটক মিন্টু দীর্ঘদিন ধরে মহেশখালী ও আশপাশের উপকূলীয় এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, মিন্টুর আটকের খবরে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির অনুভূতি দেখা দিয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক মিন্টুকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মহেশখালী থানায় হস্তান্তর করা হবে।














