দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট চেকপোস্ট (উখিয়া ঘাট) সংলগ্ন এলাকায় র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর সদস্যরা একটি সিএনজি তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেয়ারডাইল (ফেন্সিডিল) সহ দুই যাত্রীকে আটক করেছে।
মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ হোয়াইক্যং মাঝের পাড়া এলাকার জামাল মোস্তফা ছেলে নুরুল ইসলাম (২৩) ও ১৩ নং সাইড উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প বর্তমান টেকনাফের উলুবুনিয়া রাস্তার মাথা এলাকার মো. শাফি এর স্ত্রী রাফিয়া বেগম (২৮)।
র্যাব-১৫ সূত্র জানায়, পাকা রাস্তার উপর র্যাবের অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে একটি সিএনজিকে সংকেত দিয়ে থামানো হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে র্যাব সদস্যরা সিএনজিতে তল্লাশি চালিয়ে পিছনের সিটের দুইজন যাত্রীর হেফাজতে থাকা একটি চটের ব্যাগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আটককৃত নুরুল ইসলাম ব্যাগটিতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে।
তাদের দেওয়া তথ্য মতে উক্ত চটের ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেয়ারডাইল (ফেন্সিডিল) উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বলেন, তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য অবৈধ পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক উদ্ধারকৃত আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।













