দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালের কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামের এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-৩ এর ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আইওএম হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করছেন।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে তিনি জানান, কাজ পরিদর্শনের জন্য সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফারহানা হক ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে যান।
সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনের সময় তার ওড়না একটি জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। একপর্যায়ে তার মাথার চুলও জেনারেটরের সঙ্গে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।
পরে হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
আতিকুর রহমান (ওসি) আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এছাড়া ঘটনাটি কীভাবে ঘটেছে এবং জেনারেটরটি নিরাপদভাবে স্থাপন ও পরিচালনা করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।














