দীপন বিশ্বাস, উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৫ ফুট লম্বা ও প্রায় ৩০ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (২৪ আগষ্ট) দুপুরে অজগরটি উখিয়া মোছারখোলা বিটের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে ক্যাম্প এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।
পরে বন বিভাগের কর্মীরা এটিকে নিরাপদে হেফাজতে নেন।
সোমবার দুপুর ১টার দিকে মোছারখোলা বিটের সংরক্ষিত বনের উপযুক্ত পরিবেশে অজগরটি অবমুক্ত করা হয়।
বন বিভাগ বলছে, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন ৩০ কেজি। এটি বার্মিজ অজগর (Python bivittatus) প্রজাতির।
বর্ষাকালে বন্যপ্রাণী খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেক সময় লোকালয় ও ক্যাম্পের আশপাশে চলে আসে।
এ সময় বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত হয়ে সেটিকে আঘাত বা হত্যা না করে বন বিভাগকে খবর দিতে বলা হয়েছে।
বন বিভাগ সূত্র আরও জানায়, চলতি জুলাই ও আগস্ট মাসে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা পাঁচটি অজগর সাপ সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
এর মধ্যে সর্বশেষ উদ্ধার হওয়া অজগরটিও আজ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন, বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লোকালয়ে ঢুকে পড়া বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে মানুষ ও বন্যপ্রাণী—দুইয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।














