হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে একটি পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের সময় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের নতুন পাড়া এলাকার জাফর আলম (৫৫) এবং করাচিপাড়া এলাকার মো. তারেক (১৯)।
র্যাব-১৫ সূত্র জানায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে টেকনাফ ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল নিয়মিত টহল ডিউটি পালন করছিল।
এ সময় টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পিকআপে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ইয়াবা উদ্ধারের পর ঘটনাস্থল থেকেই পিকআপে থাকা জাফর আলম ও মো. তারেককে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
আটক জাফর আলম টেকনাফের সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া (পান বাজারের পাশে) এলাকার বাসিন্দা।
তারেক একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করাচিপাড়া (জামাল বলী পুকুরের পশ্চিম পাশে) এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা, পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোনসহ আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
মাদকদ্রব্যের চোরাচালান ও বিস্তার রোধে সীমান্তবর্তী টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।















