কক্সবাংলা ডটকম :: আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ হুতি বিদ্রোহীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দাবি করেছে ইয়েমেনের সরকারপন্থী যৌথ বাহিনী।
সোমবার ‘ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) শীর্ষক এক যৌথ সামরিক অভিযানের মাধ্যমে এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়া হয় বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, সরকারপন্থী যৌথ সেনাদল ‘সাউদার্ন জায়ান্টস ব্রিগেড’ ও ‘নেশনস শিল্ড ফোর্সেস’ সফল অভিযান চালিয়ে কৌশলগত বাব আল-মান্দেব এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।
মুখপাত্র আরও জানান, অভিযানের একপর্যায়ে সরকারি বাহিনী ধুবাব বিমানবন্দরের দখল নেয় এবং ধুবাব ও মোখা অঞ্চলের মধ্যকার সংযোগ সড়কটি বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে ধুবাব এলাকায় হুতি বিদ্রোহীদের শত শত যোদ্ধা চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছেন।
ইয়েমেনি সেনাবাহিনীর পক্ষ থেকে অবরুদ্ধ হুতি যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। তবে অভিযানের মুখে বেশ কয়েকজন হুতি যোদ্ধা ইতিমধ্যে নৌকায় করে সমুদ্রপথে পালিয়ে গেছেন বলে দাবি করেন মুখপাত্র।
কেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি?
বাব আল-মান্দেব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর, যা লোহিত সাগরের সঙ্গে এডেন উপসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে। বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি তেলবাহী ট্যাংকার চলাচলের জন্য এটি বিশ্বের অন্যতম প্রধান ও ব্যস্ততম আন্তর্জাতিক নৌরুট।
সম্প্রতি ওই অঞ্চল দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতিদের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে জলপথটির নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল।













