শনিবার ২১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিজের রায়ের পর উখিয়ায় হাজারো রোহিঙ্গার সমাবেশ, চোখে আনন্দাশ্রু

🗓 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস, উখিয়া :: মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গারা।

রায়ের প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকাল থেকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল খেলার মাঠে জড়ো হন হাজার হাজার রোহিঙ্গা।

বিভিন্ন ক্যাম্প থেকে নারী-পুরুষ, শিশু ও বয়স্করা সমাবেশে অংশ নেন। কারও চোখে ছিল আনন্দের অশ্রু, কেউ স্মরণ করেছেন মিয়ানমারে ফেলে আসা স্বজন ও প্রতিবেশীদের। আবার অনেকের মনে নতুন করে জেগেছে নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশা।

সমাবেশে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর নির্যাতন ও সহিংসতার মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন তাঁরা। দীর্ঘ নয় বছর ধরে নিজ দেশ থেকে বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছেন।

এই সময়ে স্বজন হারানো, বসতভিটা ছেড়ে আসা এবং অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁদের। আইসিজের রায়কে তাঁরা দীর্ঘদিনের বিচারপ্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন।

সমাবেশে আসা মিয়ানমারের গোদারবিল এলাকার বাসিন্দা আবু তাহের (৫৬) বর্তমানে উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। ২০১৭ সালে সামরিক জান্তার নির্যাতনের মুখে তিনি বাংলাদেশে পালিয়ে আসেন।

আবু তাহের বলেন, ‘২০১৭ সালে মিয়ানমারে জান্তার ব্যাপক নির্যাতনের মুখে এ দেশে পালিয়ে আসি। সেখানে অনেক প্রতিবেশীকে মরতে দেখেছি। সেই ভয়াবহ দিনের কথা এখনো ভুলতে পারিনি। আইসিজের রায়ের খবর শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি। এত দিন পর আমাদের ওপর হওয়া নির্যাতনের বিচার নিয়ে আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত এসেছে। আমরা ন্যায়বিচার চাই।’

৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজির আহমদ (৪৮) বলেন, ‘মোবাইল ফোনের মাধ্যমে রায়ের খবর শুনেছি। রায় শুনে ভালো লেগেছে। কিন্তু আমাদের মনে এখনো সন্দেহ রয়েছে, আমরা নিজেদের বাড়িঘরে ফিরতে পারব কি না। মিয়ানমারে আমাদের নিরাপত্তা, নাগরিকত্ব ও অধিকার নিশ্চিত না হলে ফিরে গিয়ে কীভাবে বসবাস করব?’

অসুস্থ বাবাকে সঙ্গে নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী নুর কায়েদা (২৯)। তাঁর বাবার বয়স প্রায় ৮০ বছর।

নুর কায়েদা বলেন, ‘রায় শুনে খুব ভালো লেগেছে। অসুস্থ বাবাকে নিয়ে সমাবেশে যোগ দিয়েছি। বাবার বয়স ৮০ বছরের কাছাকাছি। তিনিও এই রায়ের খবর শুনতে চেয়েছেন। আমাদের প্রত্যাশা, এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের বিচার হবে। আমরা একদিন নিরাপদে নিজেদের দেশে ফিরে যেতে পারব।’

বিচারের পাশাপাশি প্রত্যাবাসনের প্রত্যাশা

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর অভিযান ও সহিংসতার মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে বর্তমানে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বিপুলসংখ্যক রোহিঙ্গা বসবাস করছেন। তাঁদের অনেকেই মিয়ানমারে নিজেদের বাড়িঘর, জমিজমা, স্বজন ও পরিচিত পরিবেশ হারিয়েছেন।

এদিকে, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় আইসিজের রায়কে দীর্ঘদিনের বিচারপ্রত্যাশী জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। রোহিঙ্গাদের প্রত্যাশা, এই রায়ের মধ্য দিয়ে নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত হবে এবং ভবিষ্যতে তাঁদের ওপর এমন সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তবে শুধু আদালতের রায়ে সন্তুষ্ট নন রোহিঙ্গারা। তাঁদের মতে, ন্যায়বিচারের পাশাপাশি মিয়ানমারে নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, মৌলিক অধিকার ও মর্যাদার সঙ্গে বসবাসের নিশ্চয়তা প্রয়োজন। এসব অধিকার নিশ্চিত হলেই তাঁরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চান।

উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ফুটবল খেলার মাঠে জড়ো হওয়া হাজারো রোহিঙ্গার প্রত্যাশা, দীর্ঘদিনের বিচারহীনতার অবসান ঘটিয়ে এই রায় তাঁদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। শরণার্থী হিসেবে অনিশ্চিত জীবন নয়, একদিন নিজেদের মাতৃভূমিতে নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারবেন তাঁরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর