রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে বিশাল সমুদ্রসীমার ৭০ শতাংশ মৎস্যসম্পদ সম্পর্কে অজানা বাংলাদেশ

🗓 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(১৪ নভেম্বর) :: বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমাজুড়ে ছড়িয়ে রয়েছে মাছ, চিংড়ি, কাঁকড়া, লবস্টার, টুনাসহ নানা প্রজাতির মূল্যবান সামুদ্রিক সম্পদ। এসব সম্পদ আহরণ ও বাণিজ্যিকভাবে ব্যবহারের বিপুল সম্ভাবনা থাকলেও তা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ।

সমুদ্রসীমার মালিকানা অর্জনের এক দশকের বেশি সময় পার হলেও এখনো অর্থনৈতিক সমুদ্রসীমার প্রায় ৭০ শতাংশ এলাকার মৎস্যসম্পদ সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই সরকারের কাছে। কোন এলাকায় কী প্রজাতির মাছ রয়েছে, কোথায় কতটুকু মজুদ আছে, কোন অঞ্চলে মাছের প্রজনন ও বিচরণ ঘটে—এসব বিষয়ে পূর্ণাঙ্গ চিত্রও তৈরি করা সম্ভব হয়নি। ফলে বিপুল সম্ভাবনাময় গভীর সমুদ্রের মৎস্যসম্পদ অনুসন্ধান ও আহরণে পিছিয়ে রয়েছে দেশ।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে পুরনো জরিপ পদ্ধতি, সীমিত সক্ষমতার গবেষণা জাহাজ, আধুনিক প্রযুক্তির অভাব এবং পর্যাপ্ত গবেষণা বাজেট না থাকায় সামুদ্রিক সম্পদ অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। প্রায় চার দশক আগের জরিপ পদ্ধতির ওপর নির্ভর করে চলছে মৎস্যসম্পদের গবেষণা।

বর্তমানে মৎস্য অধিদপ্তরের হাতে থাকা ‘আরভি মীন সন্ধানী’ নামের একটি সরকারি গবেষণা জাহাজ দিয়ে গভীর সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় নিয়মিত জরিপ চালানো সম্ভব হচ্ছে না। বিদেশি গবেষণা সংস্থার সহযোগিতায় মাঝেমধ্যে জরিপ পরিচালিত হলেও নিজস্ব সক্ষমতায় সমুদ্রসম্পদের পূর্ণাঙ্গ চিত্র তুলে আনার সক্ষমতা এখনো গড়ে ওঠেনি।

বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি। এর মধ্যে উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত আঞ্চলিক সমুদ্রসীমা এবং ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল রয়েছে। পাশাপাশি ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ২০১২ সালে মিয়ানমার এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়ায় সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মধ্য দিয়ে এ বিশাল জলসীমার ওপর বাংলাদেশের অধিকার নিশ্চিত হয়।

এর ফলে মৎস্যসম্পদ, খনিজ, জ্বালানি, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অন্যান্য সম্পদ ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সমুদ্রসীমা অর্জনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব সম্পদ অনুসন্ধান ও আহরণে প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রযুক্তিগত সক্ষমতা প্রত্যাশিত মাত্রায় গড়ে ওঠেনি।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৭২ সাল থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশের সামুদ্রিক মৎস্যসম্পদ নিয়ে জরিপ পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে ২০১৬-১৭ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত পরিচালিত জরিপে ৩৪৪ প্রজাতির মাছ, ৪৫ প্রজাতির চিংড়ি, কাঁকড়া ও লবস্টার এবং ১৪ প্রজাতির স্কুইড, কাটলফিশ ও অক্টোপাস শনাক্ত করা হয়। তবে এসব জরিপের পরিধি সীমিত হওয়ায় গভীর সমুদ্রের প্রকৃত মৎস্যসম্পদ ও মজুদের পরিমাণ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়নি।

মৎস্যসম্পদ ও সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণার জন্য বর্তমানে মৎস্য অধিদপ্তরের প্রধান ভরসা ‘আরভি মীন সন্ধানী’। ছোট আকারের এ গবেষণা জাহাজ দিয়ে গভীর সমুদ্রে জরিপ পরিচালনা করা কঠিন। ২০১৮ সালে একটি জরিপের সময় জাহাজটি সর্বোচ্চ ৬০ নটিক্যাল মাইল পর্যন্ত যেতে পেরেছিল। উত্তাল সমুদ্র ও কারিগরি সীমাবদ্ধতার কারণে এরপর আর গভীর সমুদ্রে অগ্রসর হওয়া সম্ভব হয়নি। ফলে বাংলাদেশের ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্রসীমার বড় একটি অংশে মৎস্যসম্পদের তথ্য সংগ্রহে ঘাটতি থেকে যাচ্ছে।

মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমান গবেষণা জাহাজটি গভীর সমুদ্রের জন্য উপযোগী নয়। এর সক্ষমতাও সীমিত। গভীর সমুদ্রের মৎস্যসম্পদ অনুসন্ধান করতে হলে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও গভীর সমুদ্রে চলাচলে সক্ষম গবেষণা জাহাজ প্রয়োজন। পাশাপাশি জরিপ পদ্ধতি আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালার প্রয়োজনীয় সংস্কারও জরুরি।

তিনি বলেন, ১৯৮৫ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালার ভিত্তিতে দীর্ঘদিন ধরে জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে। পরবর্তী সময়ে নতুন আইন ও বিধিমালা প্রণীত হলেও গভীর সমুদ্রের সামগ্রিক মৎস্যসম্পদ অনুসন্ধান ও ব্যবস্থাপনার বিষয়ে আরো সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন। নিজস্ব সক্ষমতায় নিয়মিত গবেষণা পরিচালনা করা গেলে সমুদ্রের প্রকৃত সম্পদের পরিমাণ ও বাণিজ্যিক সম্ভাবনা নিরূপণ করা সম্ভব হবে।

সামুদ্রিক মৎস্যসম্পদ নিয়ে দীর্ঘ দুই দশক ধরে গবেষণা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোহা. ইয়ামিন হোসেন। তাঁর প্রশান্ত মহাসাগরে ২২২ দিন মাছের নমুনা সংগ্রহের অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রসম্পদের ১০ শতাংশও যথাযথভাবে গবেষণার আওতায় আনা সম্ভব হচ্ছে না। ‘আরভি মীন সন্ধানী’ দিয়ে সমুদ্রের খুব সামান্য অংশে গবেষণা করা যায়। সমুদ্র উত্তাল থাকলে জাহাজটি চলাচল করতে পারে না। ফলে মাঝারি কিংবা বড় পরিসরের গবেষণা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রদূষণসহ বিভিন্ন কারণে মাছের বিচরণক্ষেত্র ও প্রজনন প্রক্রিয়ায় পরিবর্তন আসছে। পুরনো জরিপের তথ্য দিয়ে বর্তমান পরিস্থিতি নির্ধারণ করা কঠিন। অনেক প্রজাতির মাছের অবস্থান জানতে সমুদ্রের ১০০ মিটারের বেশি গভীরতায় গবেষণা প্রয়োজন। বাংলাদেশের চারটি প্রধান ফিশিং গ্রাউন্ড থাকলেও সেগুলোর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এসব এলাকায় আধুনিক গবেষণা জাহাজ ও দক্ষ গবেষক দিয়ে নিয়মিত অনুসন্ধান চালানো জরুরি।

এদিকে সামুদ্রিক মৎস্যসম্পদ অনুসন্ধানে প্রতিবেশী ভারত ও মিয়ানমার বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। ভারত ১৯৮৪ সাল থেকে ‘এফওআরভি সাগর সম্পদ’ নামের গবেষণা জাহাজ দিয়ে গভীর সমুদ্রের মৎস্যসম্পদ নিয়ে জরিপ পরিচালনা করছে। মাছের প্রজাতি, মজুদ ও বিস্তৃতি নিরূপণের পাশাপাশি গভীর সমুদ্রে বাণিজ্যিকভাবে মাছ আহরণের সম্ভাবনাও যাচাই করছে দেশটি। ২০২৫ সালে গভীর সমুদ্রের মৎস্যসম্পদ আহরণ নিয়ে একটি কৌশলপত্র প্রকাশ করে ভারত। এতে আধুনিক মাছ ধরার নৌযান, গবেষণা, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে মিয়ানমারও বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে বিভিন্ন সময়ে মৎস্যসম্পদ নিয়ে গবেষণা চালিয়েছে। দেশটির সমুদ্রসীমায় নরওয়ের গবেষণা জাহাজ ড. ফ্রিডটজফ ন্যানসেনের মাধ্যমে ১৯৭৯, ১৯৮০, ২০১৩, ২০১৫ ও ২০১৮ সালে পাঁচ দফা জরিপ পরিচালিত হয়। এসব জরিপে মাছের প্রজাতি, মজুদ, বিচরণ ও প্রজননক্ষেত্র চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরেও উপকূলীয় এলাকায় মাছের মজুদ ও প্রজনন মৌসুম নিয়ে গবেষণার উদ্যোগ নেয় দেশটি।

বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সহযোগিতায় নতুন করে সমুদ্রসম্পদ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ৩১ দিন বঙ্গোপসাগরে জরিপ পরিচালনা করে নরওয়ের গবেষণা প্রতিষ্ঠান ড. ফ্রিডটজফ ন্যানসেন এবং বাংলাদেশ মৎস্য অধিদপ্তর। এতে সহযোগিতা করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। ওই জরিপে বাংলাদেশের সমুদ্রসীমায় নতুন ৬৫টি প্রজাতির জলজ প্রাণীর সন্ধান পাওয়া যায়।

এর মধ্যে পাঁচটি প্রজাতি বিশ্বে প্রথমবারের মতো শনাক্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। নতুন শনাক্ত হওয়া এসব প্রজাতির কয়েকটি বাণিজ্যিকভাবেও গুরুত্বপূর্ণ হতে পারে। তবে আন্তর্জাতিক সহযোগিতায় পরিচালিত এ ধরনের জরিপও পুরো অর্থনৈতিক সমুদ্রসীমার সম্পদের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে পারেনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এনামুল হক মনে করেন, পর্যাপ্ত গবেষণা জাহাজ, প্রযুক্তি ও লজিস্টিক সহায়তার অভাবে বাংলাদেশের গবেষকরা সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে পারছেন না। তাঁর মতে, দেশে দক্ষ গবেষক থাকলেও প্রয়োজনীয় সরঞ্জাম, গবেষণা বাজেট ও সমুদ্র উপযোগী জাহাজের অভাব রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো চাইলেও বড় পরিসরে সামুদ্রিক গবেষণা পরিচালনা করতে পারছে না।

তিনি বলেন, সমুদ্রের বড় একটি অংশ নিয়মিত গবেষণার বাইরে থাকলে সেখানকার সম্পদ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়। মাছের প্রজনন, বৃদ্ধি ও স্বাভাবিক মৃত্যুর পাশাপাশি অন্য দেশের জাহাজের মাধ্যমে মাছ আহরণের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। তাই গবেষণা ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

মৎস্য অধিদপ্তরের নিজস্ব অর্থনৈতিক প্রক্ষেপণেও সামুদ্রিক মৎস্যসম্পদের সম্ভাবনা ও ভবিষ্যৎ উৎপাদনের চিত্র উঠে এসেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সামুদ্রিক মৎস্য খাতের অবদান ছিল ০.২৯ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ০.৩১ শতাংশে। ২০২৬ সালের জুনেও এ হার অপরিবর্তিত ছিল। তবে নীতিগত প্রক্ষেপণে ২০৩০ সালে সামুদ্রিক মৎস্যের অবদান ০.২০ শতাংশ এবং গভীর সমুদ্রের মৎস্য আহরণের অবদান ০.১০ শতাংশ ধরা হয়েছে। ২০৩৫ সালে এ দুই খাতের অবদান সমানভাবে ০.১৫ শতাংশ করে হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

উৎপাদনের ক্ষেত্রেও গভীর সমুদ্রের মৎস্য আহরণ বাড়ানোর সম্ভাবনা দেখছে মৎস্য অধিদপ্তর। ২০২৪-২৫ অর্থবছরে প্রচলিত সামুদ্রিক মৎস্য আহরণের পরিমাণ ছিল ৫ লাখ ৬৮ হাজার ৩১২ টন। ২০৩৫ সালে তা কমে ৪ লাখ ৬৪ হাজার টনে নেমে আসতে পারে। অন্যদিকে গভীর সমুদ্র থেকে মাছ আহরণ ২০২৭ সালে ৮ হাজার ৫৬ টন থেকে ধারাবাহিকভাবে বেড়ে ২০৩৫ সালে ৭২ হাজার ৫০০ টনে উন্নীত হতে পারে বলে প্রক্ষেপণে উল্লেখ করা হয়েছে।

সমুদ্রসীমা সংযুক্ত মানচিত্র থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে | The Daily Campus

মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট, চট্টগ্রামের পরিচালক ফারহানা লাভলী জানান, সারা বছর সমুদ্রে গবেষণা পরিচালনা করা সম্ভব হয় না। সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত নিজস্ব গবেষণা জাহাজ দিয়ে জরিপ চালানো হয়। কোনো কোনো বছর এপ্রিল পর্যন্ত কার্যক্রম চলে। সাগর উত্তাল থাকলে বর্তমান জাহাজ নিয়ে গবেষণায় যাওয়া সম্ভব হয় না। তবে দেশের শিল্পভিত্তিক মাছ ধরার ট্রলারগুলো ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত চলাচল করে এবং ৪০ থেকে ২০০ মিটার গভীরতা থেকে মাছ আহরণ করে। এসব নৌযান থেকেও তথ্য সংগ্রহ করা হয়।

তিনি জানান, দেশের ২১২টি মাছ অবতরণকেন্দ্র বা ঘাট থেকে তথ্য সংগ্রহের ব্যবস্থা রয়েছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অনলাইনে তথ্য পাঠান। এসব তথ্যের ভিত্তিতে মৎস্যসম্পদের পরিমাণ ও আহরণের বিষয়ে ধারণা পাওয়া যায়। তবে সরাসরি বৈজ্ঞানিক জরিপের বিকল্প হিসেবে এসব তথ্যকে বিবেচনা করা যায় না। আগে অধিদপ্তরের দুটি গবেষণা জাহাজ থাকায় বছরব্যাপী অনুসন্ধান করা সম্ভব হতো। বর্তমানে একটি জাহাজ দিয়ে পাঁচ-ছয় মাসের বেশি গবেষণা কার্যক্রম চালানো কঠিন।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সমুদ্রে নৌযান চলাচল ও মাছ ধরার প্রবণতা বাড়লেও গভীর সমুদ্রে বাণিজ্যিকভাবে মাছ আহরণে বাংলাদেশের সক্ষমতা এখনো সীমিত। টুনাসহ বিভিন্ন মূল্যবান প্রজাতির মাছের মজুদ ও বাণিজ্যিক আহরণের বড় সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও উপযোগী মাছ ধরার জাহাজ নিশ্চিত করা গেলে এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান এবং সামুদ্রিক অর্থনীতির পরিধি বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে প্রজননক্ষেত্র চিহ্নিত করে নির্দিষ্ট সময়ে মাছ ধরা নিয়ন্ত্রণ করা গেলে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণও সহজ হবে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক জানান, ‘আরভি মীন সন্ধানী’ দিয়ে সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সমুদ্রে জরিপ পরিচালনা করা হয়। এ সময় মাছের বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি সমুদ্রের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য নির্ণয় করা হয়। গতবার ড. ফ্রিডটজফ ন্যানসেন জাহাজের পরিচালিত জরিপের তথ্যও সংগ্রহ ও প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান গবেষণা জাহাজটি পুরো ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত যেতে পারে না। তবে উপকূলীয় এলাকায় তথ্য সংগ্রহকারী এবং শিল্পভিত্তিক মাছ ধরার জাহাজের মাধ্যমে বছরব্যাপী তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া ১২ মাস সমুদ্রে গিয়ে বিজ্ঞানীদের তথ্য সংগ্রহের সুযোগ তৈরি করতে একটি নতুন প্রকল্প দাখিল করা হয়েছে। প্রকল্পটির আওতায় গভীর ও অগভীর—উভয় সমুদ্র এলাকায় গবেষণা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন হলে বর্তমান সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে বলে আশা করছেন তিনি।

এদিকে বঙ্গোপসাগরের মৎস্যসম্পদ, জাহাজ নির্মাণ শিল্প ও সমুদ্রকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমের সম্ভাবনা কাজে লাগাতে পাঁচ বছর মেয়াদি একটি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে মৎস্যসম্পদ, সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন, জাহাজশিল্প এবং সমুদ্রভিত্তিক অন্যান্য শিল্পকে সমন্বিত পরিকল্পনার আওতায় আনা হচ্ছে।

তিনি আরো জানান, সমুদ্র থেকে বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে একটি ডেনিশ কোম্পানি সমীক্ষা পরিচালনা করছে। এ খাতে তুরস্ক ও সৌদি আরবের পক্ষ থেকেও বিনিয়োগের আগ্রহ দেখানো হয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রের কাছাকাছি টুনা মাছের একটি বিচরণক্ষেত্র চিহ্নিত করে সেটিসহ অন্যান্য সামুদ্রিক সম্পদের সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সমুদ্রসীমা কেবল মাছ আহরণের ক্ষেত্র নয়; এটি দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান, রপ্তানি আয় ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম সম্ভাবনাময় উৎস। কিন্তু নির্ভরযোগ্য তথ্য ছাড়া পরিকল্পিতভাবে এ সম্পদ আহরণ করা সম্ভব নয়। অতিরিক্ত মাছ আহরণ, প্রজননক্ষেত্র ধ্বংস ও সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়মিত বৈজ্ঞানিক জরিপ প্রয়োজন।

তাই আধুনিক গবেষণা জাহাজ সংগ্রহ, উন্নত প্রযুক্তি সংযোজন, দক্ষ গবেষক তৈরি, গবেষণা বাজেট বৃদ্ধি এবং আইনগত কাঠামো যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা। অন্যথায় বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বঙ্গোপসাগরের মূল্যবান সম্পদের বড় অংশ অজানাই থেকে যাবে, আর সুনীল অর্থনীতির সুফল থেকেও বঞ্চিত হবে বাংলাদেশ।

এই বিভাগ এর আরো খবর

রিজার্ভ থেকে বিক্রি ৪২ কোটি ডলার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাজস্ব আদায়ে ঘাটতি ৫০ হাজার কোটি টাকা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর