কক্সবাংলা ডটকম(২০ নভেম্বর) :: মিয়ানমারের রাখাইন থেকে বিতাড়িত হয়ে প্রায় এক দশক আগে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন লাখো রোহিঙ্গা। অবশেষে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক রায় দিলেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত।
গাম্বিয়ার মামলা দায়েরের সাত বছর পর বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছেন– রোহিঙ্গা জেনোসাইড প্রমাণিত এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে দোষী সাব্যস্ত হয়েছে মিয়ানমার। চূড়ান্ত এই রায়ে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নাৎসি হলোকাস্টের পর এ নিয়ে চতুর্থবারের মতো কোনো আন্তর্জাতিক আদালতে জেনোসাইডের আইনি মানদণ্ড প্রমাণিত হলো। তবে কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইডের জন্য দায়ী করার ঘটনা বিশ্ব আদালতের ইতিহাসে এটিই প্রথম।
আদালত স্পষ্ট জানিয়েছেন– এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। আইনিভাবে এই রায় মেনে চলতে মিয়ানমার বাধ্য। রায়ে মিয়ানমারকে দুটি প্রধান নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে।
একই সঙ্গে বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্র হওয়ার সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এই ক্ষতিপূরণের পরিমাণ ও ধরন আদালতের পরবর্তী তারিখে নির্ধারণ করা হবে।
তবে আইসিজের নিজস্ব কোনো বলপ্রয়োগের ক্ষমতা নেই। তাই আদালত নিজে থেকে এই রায় কার্যকর করতে পারেন না। মিয়ানমার যদি এই রায় অমান্য করে, তবে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানানোর পথ খোলা থাকে। নিরাপত্তা পরিষদ তখন মিয়ানমারের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ অন্যান্য পদক্ষেপ নিতে পারে।
রায়ে ১৫ সদস্যের বিচারক প্যানেলের সভাপতিত্ব করেন আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। লোকারণ্য ‘গ্রেট হল অব জাস্টিস’-এ তিন ঘণ্টাব্যাপী রায়ের মূল অংশ পাঠ করেন তিনি।
রায়ে বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘আদালত এই মর্মে পুরোপুরি নিশ্চিত– মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই দেশটি ১৯৪৮ সালের জেনোসাইড অপরাধ প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদ লঙ্ঘনকারী কর্মকাণ্ড চালিয়েছে। উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইডের জন্য মিয়ানমার সরাসরি দায়ী।’
বিচারকরা তাদের পর্যবেক্ষণে জানান, তথাকথিত শুদ্ধি অভিযানের নামে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের গণহারে হত্যা করেছে। নারীদের ওপর দলবদ্ধ ধর্ষণ ও যৌন নিপীড়ন চালিয়েছে। শত শত গ্রাম জ্বালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
পাশাপাশি সেনাবাহিনী সক্রিয়ভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়িয়েছে। বিচারক প্যানেলের মতে, রাখাইনে মিয়ানমারের কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গাদের ধ্বংস করার সুস্পষ্ট অভিপ্রায় ছিল– এটিই একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা।

ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত
আদালতের সংবাদ বিজ্ঞপ্তিতে রায়ে ১২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে, যার মূল কথা হলো, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়ে ও তা প্রতিরোধে ব্যর্থ হয়ে মিয়ানমার গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
এ ছাড়া অপরাধীদের শাস্তি দিতে এবং সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নে ব্যর্থ হওয়ার বিষয়ও রায়ে উঠে এসেছে।
আদালত মিয়ানমারকে সনদের চলমান লঙ্ঘন বন্ধ করতে, প্রয়োজনীয় আইন করতে এবং ২০১৭ সালের অভিযানের ঘটনায় জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত কার্যকর তদন্ত করে প্রমাণসাপেক্ষে বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।
বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোয় প্রায় ১২ লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে, রাখাইনে বর্তমানে ছয় লাখের কম রোহিঙ্গা টিকে আছে বলে ধারণা করা হয়।
২০১৭ সালে রাখাইনের তুলাতলি গ্রামে চালানো গণহত্যার ভয়াবহ চিত্র স্যাটেলাইট ছবি ও মানবাধিকার তদন্তকারীদের প্রতিবেদনে উঠে এসেছিল।
সেখানে বেসামরিক মানুষকে সারিবদ্ধভাবে গুলি করে হত্যা, গণকবর দেওয়া এবং শিশুদের নদীতে ডুবিয়ে মারার ঘটনা ঘটে। ২০১৯ সালে রোহিঙ্গাদের পক্ষে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজেতে মামলাটি করে আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া।
মিয়ানমারের অবস্থান ও বর্তমান পরিস্থিতি
মিয়ানমার বরাবরই জেনোসাইডের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর গেরিলা হামলার জবাবে তারা সন্ত্রাসবিরোধী বৈধ অভিযান চালিয়েছিল।
২০১৬-১৭ সালের অভিযানের সময় মিয়ানমারের সেনাপ্রধান ছিলেন মিন অং হ্লাইং। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ঝুলে আছে।
প্রসঙ্গত, আইসিসি ব্যক্তি পর্যায়ে বিচার করে আর আইসিজে রাষ্ট্রের দায় নির্ধারণ করে।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। তাঁর শাসনে শুরু হওয়া গৃহযুদ্ধে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। গত এপ্রিলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর তিনি বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
রায়ের বৈশ্বিক প্রভাব
আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের চেয়ে জেনোসাইড প্রমাণ করা অনেক কঠিন। কারণ, এ ক্ষেত্রে কোনো জাতি, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে ‘সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায়’ প্রমাণ করতে হয়।
রয়টার্সের খবর অনুসারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুধু রুয়ান্ডা (১৯৯৪), বসনিয়ার স্রেব্রেনিৎসা (১৯৯৫) এবং কম্বোডিয়ার খেমাররুজ শাসনামলের (১৯৭০-এর দশক) নৃশংসতাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালগুলো জেনোসাইড হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।
২০০৭ সালে স্রেব্রেনিৎসা জেনোসাইড মামলায় সার্বিয়াকে সরাসরি জেনোসাইডের জন্য দায়ী না করে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করেছিলেন আইসিজে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক মেলানি ও’ব্রায়েন বলেন, ‘জেনোসাইড সংঘটনের ধরনে মিল থাকে। তাই মিয়ানমারের এই রায় অন্য মামলাগুলোতেও প্রভাব ফেলবে।’
বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা জেনোসাইড মামলার দিকে এখন সবার নজর। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার পাল্টাপাল্টি গণহত্যার অভিযোগের মামলাতেও এই রায় গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন রোহিঙ্গা সংকটকে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি কঠোর অবস্থান নিয়েছে এবং আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
বিশ্লেষকদের ধারণা, মিয়ানমারের বিরুদ্ধে এই রায়ের পর যুক্তরাষ্ট্র আইসিজের বিচারকদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বিচারকদের মধ্যে এ বছর শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইও রয়েছেন।
আইসিজের রায়কে স্বাগত ঢাকার
আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। রায় মেনে দ্রুততার সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আহ্বানও জানানো হয়েছে।
বৃহস্পতিবার আইসিজের রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের এমন অবস্থান জানান দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম।
হুমায়ুন কবির বলেন, ‘আইসিজের রায়কে আমরা স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট। এবারই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানালেন আইসিজে।’ রায়ের বিস্তারিত বিষয় আজ শুক্রবার ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘আমরা আশা করব, মিয়ানমার সরকার কিছুটা হলেও তারা বুঝতে পারবে; আরাকান আর্মি বুঝতে পারবে যে এই রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে সম্মানের সঙ্গে ফেরত যেতে চায় এবং আজকের রায়কে তারা সম্মান জানাবে। সম্মান জানিয়ে তারা এই রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া শুরু করবে।’
রায় বাস্তবায়নে চাপ বাড়ানোর আহ্বান আন্তর্জাতিক মহলের
এই রায়কে ঐতিহাসিক ও ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন মহল। তবে রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে শুধু আদালতের রায় নয়, এর কার্যকর বাস্তবায়ন, দায়ীদের শাস্তি, ক্ষতিপূরণ এবং নিরাপদে দেশে ফেরার অধিকার নিশ্চিত করার ওপরেও জোর দিয়েছেন তারা।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই মামলা আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত তৈরি করেছে– এমন ভয়াবহ কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি চলতে পারে না। আদালতের সিদ্ধান্ত মেনে চলার বাধ্যবাধকতা অনুযায়ী মিয়ানমারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।’
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, আদালতের রায় স্পষ্ট করেছে– মিয়ানমার রাষ্ট্র মানব জাতির সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটির জন্য দায়ী। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার রাষ্ট্র যে দুর্ভোগ, অপমান ও নিপীড়ন চাপিয়ে দিয়েছে, তা মানবতার বিবেকের ওপর কলঙ্ক।
রায়ের পর মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।
এদিকে, মিয়ানমারকে আদালতের রায় মেনে চলা, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ এবং শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি।
আইসিজের রায় মানতে মিয়ানমারকে বাধ্য করতে হবে: আইআইএমএম
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ন্যায়বিচারের পথে ঐতিহাসিক পদক্ষেপ বলেছে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত ব্যবস্থা (আইআইএমএম)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিবৃতিতে আইআইএমএমের প্রধান নিকোলাস কুমজিয়ান আদালতের পর্যবেক্ষণের ভিত্তিতে রায় মানতে মিয়ানমারকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্বের সর্বোচ্চ আদালতের এই রায় রোহিঙ্গাদের দুর্ভোগের স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আইনের আওতায় গুরুতর এই অপরাধের জবাবদিহি ও প্রতিকারের পথে এই রায় যুগান্তকারী পদক্ষেপ।
বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্মম সহিংসতা চালানো হয়। এর মধ্যে ছিল ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গা গ্রাম ধ্বংসের ঘটনা।
এসবের অকাট্য প্রমাণের ভিত্তিতে আদালত মিয়ানমারকে জেনোসাইড সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন। পাশাপাশি জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে তা প্রতিরোধ ও শাস্তি দিতে দেশটি ব্যর্থ হয়েছে বলেও রায় দিয়েছেন আদালত।
কুমজিয়ান জানান, আদালত মিয়ানমারকে দায়ীদের তদন্ত ও বিচার করা, রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন সহজতর করা, সব সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং ক্ষয়ক্ষতির জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি ক্ষতিপূরণ ও পুনরুদ্ধারমূলক কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার পরিমাণ ও পদ্ধতি উল্লেখ করে আগামী দুই বছরের মধ্যে আদালতে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী যেসব রোহিঙ্গা অভিজ্ঞতা তুলে ধরেছেন, তাদের সাহস এবং আদালতের বিচারিক বিশ্লেষণের প্রশংসা করেছে আইআইএমএম। কয়েক বছরের আইনি যুক্তিতর্ক ও তথ্য বিশ্লেষণ, হাজার হাজার পৃষ্ঠার নথিপত্র ও প্রমাণ, তিন সপ্তাহের শুনানি, চারজন সাক্ষীর মৌখিক জবানবন্দি এবং জেনোসাইড কনভেনশনের ব্যাখ্যায় ১১টি রাষ্ট্রের অংশগ্রহণের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
রায়ের প্রভাব পুরোপুরি বিশ্লেষণ করতে সময় লাগলেও রোহিঙ্গাদের জন্য এর তাৎপর্য ইতোমধ্যে স্পষ্ট উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এই রায় দীর্ঘদিনের বৈষম্য, নিপীড়ন ও অপরাধের স্বীকৃতির পাশাপাশি নতুন আশা জাগিয়েছে যে তাঁদের দুর্দশা বিশ্ব ভুলে যায়নি এবং মিয়ানমার এটি বাস্তবায়ন করবে বলে উচ্চ প্রত্যাশা তৈরি হয়েছে।
নিকোলাস কুমজিয়ান বলেন, এই বিচার রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে কেন্দ্র করে হলেও এর গুরুত্ব কেবল একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; কারণ আদালতে যেসব ব্যক্তি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পর্যালোচনা করা হয়েছে, তাঁরা মিয়ানমারজুড়ে সংঘটিত অন্যান্য গুরুতর আন্তর্জাতিক অপরাধের সঙ্গেও প্রাসঙ্গিক।
কুমজিয়ান বলেন, ‘আদালত এখন তাঁদের রায় দিয়েছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কার্যকর পদক্ষেপ।’ তিনি উল্লেখ করেন, অতীতের অপরাধের বিচার হলেও অনেক রোহিঙ্গা আজও এর পরিণতি ভোগ করছেন। মিয়ানমারকে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আদালতের পর্যবেক্ষণের ভিত্তিতে রায় মানতে চাপ দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি জবাবদিহি ও ন্যায়বিচারের প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখতেও বলা হয়।
২০১১ সাল থেকে মিয়ানমারে সংঘটিত গুরুতর আন্তর্জাতিক অপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের জন্য ২০১৮ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদ আইআইএমএম গঠন করে। জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আদালতে অপরাধীদের বিচারের জন্য এসব প্রমাণ ও বিশ্লেষণ সংরক্ষণ ও প্রস্তুত করাই সংস্থাটির লক্ষ্য।
রোহিঙ্গা গণহত্যার রায়: লন্ডনে মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টা বহিষ্কার, রাষ্ট্রদূতকে তলব
-2a3801-480x270.webp)
রোহিঙ্গা জনগোষ্ঠী ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছে।
রায়ের পর দেশটির প্রতিরক্ষা উপদেষ্টাকে (ডিফেন্স অ্যাটাশে) বহিষ্কার করেছে যুক্তরাজ্য। সেই সঙ্গে বিষয়টি আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান করেছে দেশটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, আইসিজের রায়ের প্রেক্ষিতে যুক্তরাজ্য তাৎক্ষণিকভাবে এসব পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করা হবে। পাশাপাশি রায়টি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানানো হয়েছে।
মিলিব্যান্ড আরও জানান, মিয়ানমারের রাষ্ট্রদূত (শার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করা হবে। এছাড়া অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর চালানো ভয়াবহ নির্যাতনের নিন্দা জানায় যুক্তরাজ্য। এসব অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। মিয়ানমারকে অবশ্যই আদালতের রায় পুরোপুরি মেনে চলতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। আদালতের এই রায়ের মাধ্যমে বিশ্বকে স্পষ্ট বার্তা দিতে হবে যে, এ ধরনের অপরাধ করে কেউ দায়মুক্তি পেতে পারে না।
বৃহস্পতিবার দেওয়া রায়ে আন্তর্জাতিক বিচার আদালত জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা জনগোষ্ঠির বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।
এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতিসংঘের সর্বোচ্চ আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করল।













