শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের হাতে ভুয়া এনআইডি-পাসপোর্ট: শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি

🗓 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা সম্পাদকীয়(২০ নভেম্বর) :: কক্সবাজারের আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের একটি অংশের হাতে জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বাংলাদেশি পাসপোর্ট পৌঁছে যাওয়ার ঘটনা দেশের জাতীয় নিরাপত্তা, অভিবাসন ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে।

স্থানীয় জনপ্রতিনিধি, অসাধু কর্মকর্তা-কর্মচারী ও সংঘবদ্ধ দালালচক্রের যোগসাজশে দীর্ঘদিন ধরে চলে আসা এই জালিয়াতি এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

বিশেষ করে টেকনাফসহ কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এ ধরনের জালিয়াতির অভিযোগ ক্রমেই সামনে আসছে।

অভিযোগ রয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে শুধু টেকনাফেই কয়েক হাজার রোহিঙ্গা অবৈধ উপায়ে ভুয়া এনআইডি সংগ্রহ করেছে। এসব পরিচয়পত্র ব্যবহার করে জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ ও পাসপোর্ট সংগ্রহের সুযোগ তৈরি হচ্ছে। ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নাগরিক তথ্যভান্ডারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বাধ্যবাধকতা শিথিল করার সিদ্ধান্তের নেতিবাচক প্রভাবও এখন স্পষ্ট হয়ে উঠছে। সাধারণ নাগরিকদের হয়রানি কমানোর যুক্তিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন অন্তর্বর্তী সরকার পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়ার পরিপত্র জারি করে।

তবে রোহিঙ্গা অধ্যুষিত ও নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর কক্সবাজার ও চট্টগ্রামের মতো অঞ্চলে যথাযথ যাচাই-বাছাই ছাড়া পাসপোর্ট প্রদানের সুযোগ তৈরি হওয়া ঝুঁকিপূর্ণ ছিল। বাস্তব পরিস্থিতি বিবেচনায় এ ধরনের শিথিলতা নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।

ভুয়া এনআইডি কিংবা প্রকৃত বাংলাদেশি নাগরিকের পরিচয় ব্যবহার করে কোনো রোহিঙ্গা পাসপোর্ট সংগ্রহ করলে তা শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই বিপজ্জনক নয়, আন্তর্জাতিক পর্যায়েও এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।

বিদেশে গিয়ে কেউ অপরাধ বা অনিয়মে জড়ালে তার দায় বাংলাদেশের নাগরিক পরিচয়ের ওপর বর্তানোর আশঙ্কা রয়েছে। এতে বিদেশে কর্মরত বৈধ বাংলাদেশি নাগরিকদের হয়রানি বাড়তে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ অবস্থায় কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পুনরায় চালুর যে উদ্যোগের কথা আলোচনায় আসছে, তা সময়োপযোগী। তবে শুধু নতুন আবেদনে যাচাই-বাছাই জোরদার করলেই চলবে না।

ইতিমধ্যে জালিয়াতির মাধ্যমে তৈরি হওয়া এনআইডি ও পাসপোর্ট শনাক্ত করে সেগুলোর বৈধতা পুনরায় যাচাই এবং আইন অনুযায়ী বাতিলের উদ্যোগ নিতে হবে।

এ জন্য নির্বাচন কমিশনের এনআইডি ডাটাবেজে সংরক্ষিত বায়োমেট্রিক তথ্য—বিশেষ করে আঙুলের ছাপ ও মুখমণ্ডলের পরিচিতি—রোহিঙ্গাদের নিবন্ধন ও বায়োমেট্রিক তথ্যভান্ডারের সঙ্গে প্রযুক্তিগতভাবে মিলিয়ে দেখার ব্যবস্থা করা যেতে পারে।

পাশাপাশি জন্মনিবন্ধন ও নাগরিকত্ব সনদ ইস্যুর ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সংশ্লিষ্ট নির্বাচন অফিসের নথিপত্র নিরীক্ষা করা জরুরি। কোথায়, কীভাবে এবং কার মাধ্যমে ভুয়া পরিচয়পত্র তৈরি হয়েছে, তা অনুসন্ধান করে জালিয়াতির পুরো নেটওয়ার্ক চিহ্নিত করতে হবে।

সন্দেহভাজন পাসপোর্টধারীদের তথ্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কেন্দ্রীয় ডাটাবেজে যুক্ত করে প্রয়োজনীয় সতর্কতামূলক তালিকা বা ওয়াচলিস্ট তৈরি করা যেতে পারে। একই সঙ্গে সন্দেহজনক আবেদন ও পাসপোর্টধারীদের পুনরায় পুলিশি যাচাই, বায়োমেট্রিক পরীক্ষা এবং নাগরিকত্বের প্রামাণ্য নথি যাচাইয়ের আওতায় আনতে হবে। তবে এ প্রক্রিয়ায় কোনো নিরপরাধ বাংলাদেশি নাগরিক যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা জরুরি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ ধরনের জালিয়াতি কখনো এককভাবে সম্ভব নয়। এর পেছনে দালালচক্রের পাশাপাশি সরকারি দপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় পর্যায়ের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকলে তাঁদেরও আইনের আওতায় আনতে হবে। শুধু নিম্নপর্যায়ের দালালদের গ্রেপ্তার করে মূল হোতাদের আড়ালে রাখলে এ অপরাধ বন্ধ হবে না। বরং জালিয়াতির সঙ্গে জড়িত প্রত্যেকের সম্পৃক্ততা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

রোহিঙ্গা সংকট এমনিতেই বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ তৈরি করেছে। এর ওপর যদি জালিয়াতির মাধ্যমে তাদের একটি অংশ বাংলাদেশি নাগরিক পরিচয় ও পাসপোর্ট সংগ্রহের সুযোগ পায়, তাহলে ভবিষ্যতে সংকট আরও জটিল হয়ে উঠবে। তাই বিষয়টিকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে না দেখে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করতে হবে।

কেবল আশ্বাস, সতর্কবার্তা কিংবা সাময়িক অভিযানে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এনআইডি, জন্মনিবন্ধন ও পাসপোর্ট ব্যবস্থাপনায় সমন্বিত নজরদারি, তথ্যভান্ডারের নিরাপত্তা জোরদার, নিয়মিত অডিট এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাতীয় পরিচয় ও পাসপোর্টের বিশ্বাসযোগ্যতা রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর