এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে ঝুঁকিপূর্ণ মিনারটি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সূত্র মতে, উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকার প্রবাসী নুরুল আলম নিজ বাড়ির পাশে বিদেশী দাতার সহযোগিতায় একটি মসজিদ ও হাফেজখানা নির্মাণ করেন।
সেখানে নির্মাণ করা হয় বহুতল একটি মিনার, যা আন নুর কমপ্লেক্স নামে পরিচিত।
দীর্ঘদিন ধরে তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মিনারটি শিশু-কিশোরদের ওঠানামা ও আড্ডার স্থানে পরিণত হয় বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় এক মুরব্বি বলেন, মসজিদটির কোন পরিচালনা কমিটি নেই। দেখাশোনারও কেউ নেই। মিনারটি ছেলে-পেলেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।
নিরাপত্তার ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত বলে তিনি মনে করেন।
এদিকে স্থানীয় অনেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, প্রকৌশলীর পরিকল্পনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বহুতল মিনারটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মিনারটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আশপাশের বসতবাড়ি ও মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক সাজেদ সুলতান জানান, বহুতল মিনারটি আসলে ঝুঁকিপূর্ণ। যে কেউ মিনারে উঠার সুযোগ পায়। উঠা বা নামার সময় দূঘটনার আশংকা প্রকাশ করেন তিনি।
বিশেষ করে ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
তারা অবিলম্বে মিনারটির লোকালয় থেকে সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার মানুষের জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে।
এলাকাবাসী আবেদন করলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
অভিযোগের বিষয়ে আন নুর কমপ্লেক্সের মালিক নুরুল আলম শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং অন্যান্য বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, শিক্ষার্থীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করবে।
ঝুঁকিপূর্ণ মসজিদ মিনারের বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয়দের দাবি, আর কোন প্রাণহানি ঘটার আগেই ঝুঁকিপূর্ণ মিনারটির বিষয়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, বুধবার ঈদগাঁও দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম একই এলাকার হাফেজ মাওলানা নুর আহমেদের ছেলে। সে ঈদগড় হাফেজিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।













