শনিবার ২১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায়বিচারের নতুন প্রত্যাশা : নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতের আহ্বান খলিলুর রহমানের

🗓 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

👁️ ৩৮ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

👁️ ৩৮ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস, উখিয়া :: মিয়ানমারের সেনাবাহিনীর হাতে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত হত্যাযজ্ঞ, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।

তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা, নাগরিকত্ব, অবাধ চলাচলের স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। শুধু প্রত্যাবাসন নয়, তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা ও নির্যাতনের ন্যায়বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনও নিশ্চিত করা জরুরি।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরদিন শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ৯টার দিকে সমাবেশস্থলে পৌঁছালে রোহিঙ্গাদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। পরে উপস্থিত রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।

খলিলুর রহমান বলেন, দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেয়েছে। ২০১৭ সালে তাঁদের ওপর যে হত্যাযজ্ঞ ও নির্যাতন চালানো হয়েছিল, তা গণহত্যার অভিযোগের সঙ্গে সম্পর্কিত একটি গুরুতর ঘটনা। আদালতের এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবিকে নতুন করে সামনে এনেছে এবং বিচার পাওয়ার প্রত্যাশাকে আরও জোরালো করেছে।

রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়: খলিলুর রহমান

তিনি বলেন, এই দিনটি যাঁরা দেখে যেতে পারেননি, তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। রোহিঙ্গাদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের ওপর বর্বর নির্যাতনের ঘটনা কখনো বিস্মৃত হওয়া উচিত নয়। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। অপরাধীদের জবাবদিহি নিশ্চিত না হলে প্রকৃত অর্থে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী। দেশটির সঙ্গে তাঁদের বহু প্রজন্মের ঐতিহাসিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। তাঁদের পরিচয় অস্বীকার করে কিংবা নাগরিক ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখে দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। নিজ দেশে নিরাপদে ও সম্মানের সঙ্গে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

May be an image of one or more people, crowd and text

প্রত্যাবাসন প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, শুধু রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দিলেই সংকটের সমাধান হবে না। সেখানে তাঁদের জীবনের নিরাপত্তা, নাগরিকত্বের স্বীকৃতি, স্বাধীনভাবে চলাচলের সুযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। প্রত্যাবাসনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে রোহিঙ্গাদের স্বেচ্ছায় হতে হবে। কোনো ধরনের চাপ বা জবরদস্তির মাধ্যমে প্রত্যাবাসন গ্রহণযোগ্য হতে পারে না। একই সঙ্গে নির্যাতনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারের আইন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কারের ওপরও গুরুত্ব দেন তিনি। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা, মানবাধিকার সুরক্ষা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

May be an image of one or more people, crowd and text

বক্তব্যে রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক, জাতিসংঘের তদন্তসংশ্লিষ্ট ব্যক্তি এবং এই বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতাকারীদেরও ধন্যবাদ জানান তিনি।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করে খলিলুর রহমান বলেন, বিপুলসংখ্যক নির্যাতিত মানুষকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার পরিচয় দিয়েছে, তা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে রয়েছে।

এ ক্ষেত্রে কক্সবাজারের উখিয়া-টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীও বড় ধরনের অবদান রেখেছে। তবে দীর্ঘদিন ধরে এই বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব একা বাংলাদেশের পক্ষে বহন করা কঠিন। তাই রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

May be an image of one or more people, speaker and crowd

তিনি আরও বলেন, ১৯ নভেম্বর ২০২৬ তারিখটি যেন রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিজ দেশে ফিরে যাওয়ার নতুন পথচলার সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে কেবল আইনি স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে ন্যায়বিচার প্রতিষ্ঠা, অপরাধীদের জবাবদিহি এবং দীর্ঘদিনের সংকটের স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে উপস্থিত রোহিঙ্গাদের মধ্যেও আইসিজের রায়কে ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাঁরা দীর্ঘদিনের নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং নাগরিকত্বসহ মৌলিক অধিকার নিশ্চিত করে নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টির দাবি জানান।

সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন।

May be an image of one or more people and text

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর