এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কোনমতে থামানো যাচ্ছে না।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কতিপয় মহল রাতের আঁধারে নদীর উপকণ্ঠে অবৈধ মোকাম বানিয়ে দীর্ঘ সময় ধরে বালু বাণিজ্যে মেতে উঠেছে।
এ অবস্থায় নদীর তলদেশ বদলে দিয়ে বিভিন্ন পয়েন্টে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। এতে করে নদীর তীরের বিভিন্ন জনপদে ভাঙ্গনের আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় পরিবেশ সচেতন মহল কতৃক বালু উত্তোলন নিয়ে নানাবিধ অভিযোগ আপত্তির মুখে আবারও চকরিয়া উপজেলা প্রশাসন মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে সেলো মেশিনে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অভিযানে নেমেছে।
এরই অংশ হিসেবে শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শফিউল আলম অভিযান চালিয়ে মাতামুহুরী নদীর চকরিয়া পেকুয়া সীমান্তবর্তী বাগুজরা ব্রীজ এবং বাটাখালী ব্রীজ সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি সেলো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ভেঙে গুড়িয়ে দিয়েছেন।
একইভাবে আগেরদিন বৃহস্পতিবার রাতে চিরিঙ্গা মাতামুহুরী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিউল আলম চর থেকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর গাড়ি আটক করেছে।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শফিউল আলম বলেন, মাতামুহুরী নদী থেকে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ইতোপূর্বে একাধিকবার অভিযান চালিয়েছে। এরপর কিছুদিন বন্ধ থাকলেও সম্প্রতি সময়ে কতিপয় চক্র একইভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর ইউএনও শাহীন দেলোয়ারের নির্দেশে শুক্রবার বিকালে এবং আগেরদিন বৃহস্পতিবার রাতে মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫টি সেলো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
অপর একটি অভিযানে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি এস্কেভটর গাড়ি জব্দ করা হয়েছে। তবে ওইসময় জড়িতরা অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, পরিবেশ বিধংসী এধরণের কর্মকাণ্ড বন্ধে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এধরণের জনস্বার্থ সংশ্লিষ্ট অভিযান অব্যাহত থাকবে।













