আজীজ রাসেল :: কক্সবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শুরু হয়েছে আইসিটি বিষয়ক ৩ দিনব্যাপী মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মশালা।
১৬ নভেম্বর কক্সবাজার সিটি কলেজে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর এ এস এম আমানুল্লাহ। সকালে তিনি কলেজ প্রাঙ্গণে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন নেন সিটি কলেজের অধ্যক্ষ এসএম আকতার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শিক্ষকেরা। এসময় তাঁকে গার্ড অব অনার প্রদান করেন কলেজের বিএনসিসির ক্যাডেটরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. প্রফেসর এএসএম আমানুল্লাহ বলেন, “বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। সেসময় শিক্ষকদের অবস্থান ছিল তলানিতে। তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা এখন যে জেনারেশন তৈরি করছি, তা দেশের কাজে আসছে না। আগামী ৩-৪ বছরের মধ্যে ৭-৮ বছরের বাচ্চাদের এআই প্রযুক্তির শিক্ষা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন হওয়া দরকার। যা হলে ৭০ শতাংশ উচ্চ শিক্ষার পরিবর্তন হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে সিলেবাস সংস্কার করা হচ্ছে।
এমপিওভুক্ত করা হয়েছে সাড়ে ৩ হাজার শিক্ষককে। শিক্ষকদের জন্য করা হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থা। তিনি ছেলেমেয়েদের ওয়ার্ল্ড ক্লাস সিটিজেন হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফুর রহমান, ড. নুরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আজম ও এটুআই এর জয়েন্ট প্রজেক্ট ডিরেক্টর রাশেদুল মান্নাফ কবির।
বক্তব্যে তারা বলেন, “বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত। দেশকে এগিয়ে নিতে দক্ষ মানবসম্পদ তৈরি
অত্যন্ত জরুরী। দক্ষ প্রযুক্তি নির্ভর জাতি তৈরি করাই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। তাই এই প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এখান থেকে শিক্ষকেরা শিক্ষার্থীদের শিক্ষা দিবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এস,এম আকতার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, “এই যুগের জেন জি প্রজন্ম দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। তাই এই প্রজন্মকে দক্ষ করে গড়তে না পারলে চ্যালেঞ্জে পড়তে হবে। শিক্ষকদের এমপিওভুক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অসামান্য অবদান রেখেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানসঞ্চালনা করেন ট্রেনিং প্রোগ্রামের ডিরেক্টর সালমা পারভিন। প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের প্রায় শতাধিক শিক্ষক অংশ নেয়।
এর আগে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় কলেজের শিক্ষক, রোভার স্কাউটস, রেডক্রিসেন্ট এবং শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্টার নজরুল ইসলাম, এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, প্রফেসর শাহানুর আকতার, এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য তাওহিদুল আনোয়ার, প্রফেসর জেবুন্নেছা, প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর মংম্রা ছিন, প্রফেসর শারায়াত পারভিন, প্রফেসর জুলফিকার আলী, প্রফেসর শরমিন ছিদ্দিকাসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
সার্বিক সহযোগিতায় ছিলেন প্রভাষক জাহাঙ্গীর আলম।














