শনিবার ২১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিজের রায় : রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ১ বার দেখা হয়েছে

কক্সবাংলা সম্পাদকীয়(২১ নভেম্বর) :: রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে চলা নিপীড়ন, বৈষম্য ও জাতিগত নির্মূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচারিক স্বীকৃতি প্রতিষ্ঠার পথ আরও সুগম হয়েছে।

দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে মিয়ানমারের বিরুদ্ধে আদালতের এ সিদ্ধান্ত শুধু নিপীড়িত

রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার পাওয়ার আকাঙ্ক্ষাকে শক্তিশালী করেনি, বরং মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতার প্রশ্নেও নতুন তাৎপর্য তৈরি করেছে। বাংলাদেশের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও নৈতিক অর্জন।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর ভয়াবহ সামরিক অভিযান শুরু হয়। ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামের ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। জীবন বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। এর আগেও বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়ে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিলেন।

ফলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে গড়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী আশ্রয়শিবির। মানবিক বিবেচনায় বাংলাদেশ সীমান্ত খুলে দিয়ে তাদের আশ্রয় ও সহায়তা প্রদান করে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রত্যাবাসন শুরু না হওয়ায় এই সংকট বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও সামাজিক ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে।

রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার ও মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে পরিচালিত এই আইনি উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকটকে নতুন গুরুত্ব দেয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের রায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। রায়ে বিচারকদের সংখ্যাগরিষ্ঠ মতামত এবং ২০১৭ সালের সামরিক অভিযানের প্রেক্ষাপট রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচারিক মূল্যায়নে বিশেষ গুরুত্ব বহন করছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে ব্যাপক প্রাণহানি ও একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যসংক্রান্ত পর্যবেক্ষণও এ মামলার গুরুত্ব বাড়িয়েছে।

এই রায়ের সবচেয়ে বড় তাৎপর্য হলো, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার অভিযোগ আর কেবল ভুক্তভোগীদের বর্ণনা কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

নিজ দেশে নাগরিকত্ব, নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিও এতে আরও জোরালো ভিত্তি পেয়েছে। ভবিষ্যতে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, নাগরিকত্বের স্বীকৃতি এবং নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার দাবিতে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে আদালতের রায়কে রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। আইসিজের রায় আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে আদালতের নিজস্ব কার্যকর প্রয়োগক্ষমতা সীমিত। এ ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায় মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ নয়। চীন ও রাশিয়ার ভূরাজনৈতিক অবস্থান এবং মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের সঙ্গে তাদের সম্পর্ক আন্তর্জাতিক উদ্যোগকে জটিল করে তুলতে পারে।

একই সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর নীতি ও কূটনৈতিক অবস্থানও পরিস্থিতির ওপর প্রভাব ফেলবে। ফলে শুধু বিচারিক রায় নয়, এর বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত ও দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

অন্যদিকে রাখাইনের বর্তমান পরিস্থিতিও রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বড় অনিশ্চয়তা তৈরি করেছে। অঞ্চলটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের কারণে প্রত্যাবাসনের প্রশ্নটি আরও জটিল হয়ে উঠেছে। শুধু মিয়ানমারের কেন্দ্রীয় কর্তৃপক্ষের আশ্বাস যথেষ্ট নয়; রাখাইনে যাদের বাস্তব নিয়ন্ত্রণ রয়েছে, তাদের সহযোগিতা ও নিরাপত্তার নিশ্চয়তাও প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করা।

সেখানে তাদের নাগরিকত্বের স্বীকৃতি, চলাচলের স্বাধীনতা, বসতভিটা ও সম্পত্তির অধিকার, শিক্ষা, চিকিৎসা এবং জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে। নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা ছাড়া কোনো প্রত্যাবাসনই টেকসই হতে পারে না।

আমরা মনে করি, আইসিজের এই রায় বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যাবাসন কার্যকর হয়নি।

এখন এই রায়কে ভিত্তি করে জাতিসংঘ, ওআইসি, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ওপর আরও কার্যকর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়ার পাশাপাশি প্রত্যাবাসনকে আন্তর্জাতিক আলোচনার অগ্রাধিকার তালিকায় রাখতে হবে।

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায় কোনো রাষ্ট্রের পক্ষে এড়িয়ে যাওয়ার সুযোগ থাকা উচিত নয়। রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই যেমন অব্যাহত রাখতে হবে, তেমনি তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতেও বাংলাদেশকে অবিচল থাকতে হবে।

মনে রাখতে হবে, আদালতের রায় ন্যায়বিচারের পথ তৈরি করতে পারে, কিন্তু সেই ন্যায়বিচারের পূর্ণতা আসে তখনই, যখন নিপীড়িত মানুষ নিজ দেশে নিরাপদে বসবাসের অধিকার ফিরে পায়। রোহিঙ্গাদের ক্ষেত্রেও আইসিজের রায়ের প্রকৃত সার্থকতা নির্ভর করবে তাদের অধিকার, নিরাপত্তা ও স্বদেশে ফেরার নিশ্চয়তা প্রতিষ্ঠার ওপর।

এই বিভাগ এর আরো খবর

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর