রবিবার ২২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাপি ঋণে দেউলিয়ার ঝুঁকিতে ব্যাংক খাত

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ব্যাপক দুর্নীতি, ঋণ অনিয়ম ও অর্থ লুটপাটের কারণে দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পাহাড় জমেছে। বর্তমানে ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি। পরিস্থিতি সামাল দিতে বিপুল অর্থের প্রয়োজন হলেও সরকারের আর্থিক সক্ষমতা সীমিত।

ফলে ব্যাংক খাতের সংকট কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়ছে।

সব মিলিয়ে দেশের ব্যাংক খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে।

সম্প্রতি বাংলাদেশের ব্যাংক খাতের পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট।

গত ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাত থেকে ব্যাপক অর্থ লুটপাট হয়েছে। এর ফলে ব্যাংকগুলোতে এমন বিপুল পরিমাণ খেলাপি ঋণ তৈরি হয়েছে, যার বড় অংশ কখনো আদায় হওয়ার সম্ভাবনা নেই।

প্রতিবেদনে বলা হয়, ব্যাংকের মালিকানা ও ঋণ গ্রহণ—দুই ক্ষেত্রেই প্রভাব বিস্তারকারী প্রভাবশালী ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর অনেক মালিক এখন কারাগারে, কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। বর্তমানে দেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি।

তুলনায় ভারতে এই হার ১ দশমিক ৭ শতাংশ, পাকিস্তানে ৫ শতাংশ। শুধু তা-ই নয়, ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত বা ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমেছে। অর্থাৎ ব্যাংক খাতের সামগ্রিক মূলধন পরিস্থিতি নেতিবাচক অবস্থায় পৌঁছেছে।

প্রতিবেদনে ঢাকার একটি ক্যাফে মালিকের অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। ওই ব্যক্তি এক বছর ধরে ব্যাংকে জমা রাখা নিজের টাকা তুলতে পারছেন না।

ব্যাংকে গেলে তাকে শুধু তারল্য সংকটের কথা বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে অন্তত ছয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা নিজেদের জমা টাকা তুলতে না পারার অভিযোগ করেছেন।

খেলাপি ঋণের বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে ইসলামী ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে।

বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে যাওয়ার পর ব্যাংকটির প্রায় অর্ধেক ঋণ গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিতরণ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ঋণগ্রহীতাদের মাত্র ২ শতাংশ ঋণের আসল পরিশোধ করে বাকি অর্থ পরিশোধ স্থগিত রাখার সুযোগ দেওয়া হয়েছিল। ফলে অনেক ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়নি। ২০২৫ সালে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করায় প্রকৃত চিত্র সামনে এসেছে। নতুন নিয়মে ৯০ দিনের বেশি বকেয়া থাকা ঋণখেলাপি হিসেবে গণ্য হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক খাতের সংকটের প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও। ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ। চলতি বছর তা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

চলতি বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশে নেমে আসতে পারে। এ ছাড়া বিশ্বব্যাংকের ধারণা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দেশে দারিদ্র্যের হার বাড়তে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, সংকটে থাকা ব্যাংকগুলোকে এখন পর্যন্ত জরুরি সহায়তা হিসেবে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা জিডিপির ১ দশমিক ২ শতাংশ।

তবে ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিসের হিসাবে, আগামী কয়েক বছরে ব্যাংক খাত পুনঃমূলধনীকরণে জিডিপির ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে।

অন্যদিকে সরকারের রাজস্ব আয় কম। বাংলাদেশ জিডিপির মাত্র ৭ শতাংশের সমপরিমাণ রাজস্ব আদায় করে। বাজেট ঘাটতি মেটাতেও সরকারকে ব্যাংক ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সংকটে থাকা ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত সরকার এখন নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। শেখ হাসিনার আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেব্রুয়ারির নির্বাচনের পর একটি অন্তর্বর্তী সরকারের জায়গায় ক্ষমতায় এসেছে।

নতুন সরকারকে একদিকে ব্যাংক খাতের সংকট, অন্যদিকে দেশের প্রধান রপ্তানি শিল্প তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘটের কারণে অর্থনৈতিক চাপ সামলাতে হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও বেগ পেতে হচ্ছে।

এর মধ্যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজধানীতে ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটেছে। সরকার এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। তবে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে।

রক্তক্ষয়ী দমনপীড়নে ভূমিকার জন্য অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ড হয়েছে। তবে তিনি দেশে ফিরলে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন।

এই বিভাগ এর আরো খবর

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর