রোতাব চৌধূরী :: কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে হেলথ ট্যুরিজম উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দলের সাথে জেলার সিভিল সোসাইটির প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন,কক্সবাজারে উন্নত চিকিৎসা, অপেক্ষাকৃত কম খরচ এবং দ্রুত ও নির্ভুল চিকিৎসার নিশ্চয়তা করতে আধুনিক হাসপাতাল,দক্ষ ডাক্তার এবং উন্নত সুযোগ-সুবিধার ব্যবস্থা করা গেলে পর্যটকদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।এর ফলে দেশের অর্থনীতি হবে আরো সমৃদ্ধ।
এছাড়া উপদেষ্টা আরো বলেন,আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন অনিয়ম বা দুর্নীতির কারণে বর্তমানে সাধারণ জনগণের সাথে স্বাস্থ্যসেবার দূরত্ব বা অবিশ্বাসের সম্পর্ক সৃষ্টি হয়েছে।
এটি উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে এশীয় উন্নয়ন ব্যাংকের সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ( বাংলাদেশ আবাসিক মিশন) রুই লিউ,সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক তাসনীম জাহান, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী,চেম্বার সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সিভিল সোসাইটির প্রতিনিধিসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চিকিৎসার জন্য বিদেশে যায়, যার ফলে দেশ একটি বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।এক্ষেত্রে কক্সবাজারকে একটি হেল্থ ট্যুরিজ্যম হাব তৈরী করার মাধ্যমে স্বাস্থ্যসেবার অভ্যন্তরীণ মান উন্নত ও আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি ও সুযোগ সুবিধা নিশ্চিত করে পর্যটন খাতে বড় সুযোগ তৈরি করা সম্ভব।














