রোতাব চৌধূরী :: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) ও বিএনকেএস এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালী, আলোচনা সভা ও সফল নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
” আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যে সোমবার সকালে অরুণোদয় স্কুল প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে সার্কিট হাউজ সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসনীম জাহান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, নারী বা পুরুষ পৃথক নয়, সকলকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। ভালো মানুষের নৈতিকতা ও ধর্মীয় গুণাবলী অনুসরণ করে সুন্দর সমাজ তথা একটি দেশ বিনির্মানে সকলের একসাথে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এতে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এর পরিচালক মোঃ জাহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন,নারীদের অধিকার সুরক্ষা ও তাদের ক্ষমতায়নে সরকারের সাথে সমন্বয় করে বিটিএস বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে।
বিটিএস প্রোজেক্ট অফিসার মিফতা বিনতে ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউনিসেফ প্রতিনিধি শায়লা পারভীন লুনা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আউয়াল,বিএনকেএস- এর ভাইস চেয়ারম্যান ডাঃ মা য়েঁ নু,পুলিশ কর্মকর্তা নাঈমা,বিটিএস এর প্রোগ্রাম ম্যানেজার মনিরুজ্জামান টিটু,এনজিও প্লাটফর্মের কো- কোর্ডিনেটর সুকন্যা আব্দুল্লাহসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,নারী সংগঠনের নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাশেষে সফল নারী উদ্যোক্তা হিসেবে সদর উপজেলার আফরিন সুলতানা সুমি,মহেশখালী উপজেলার উম্মে কুলচুম বিউটি এবং উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের কহিনূর আক্তার,সমাজ উন্নয়নে বিশেষ অবদানে উখিয়া উপজেলার রত্নপালং ইউনিয়নের ফরিদা বেগম এবং সদর উপজেলার হুমায়রা বেগম, শিক্ষা ও কর্মক্ষেত্রে অবদান রাখায় রাধু বড়ুয়া চৌধুরী,নির্যাতনের বিভীষিকা মুছে সফল উদ্যোক্তা চকরিয়া উপজেলার আরজু আরা বেগম এবং সফল জননী হিসেবে সদর উপজেলার রাহেলা আক্তারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রথা বন্ধ এবং শিশু সুরক্ষা,উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।














