হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ সদরের রাজার ছড়ায় ব্যাটারি চালিত ইজিবাইক টমটমের ধাক্কায় আরহাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাজার ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরহাম ওই এলাকার সৌদি প্রবাসী আমান উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাজার ছড়া এলাকায় রাস্তার পাশে অবস্থান করছিল আরহাম।
এ সময় দ্রুতগতিতে আসা একটি টমটম তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
এ মর্মান্তিক দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারি।
স্থানীয়রা জানান, এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে টমটমসহ বিভিন্ন যানবাহন চলাচল করে, যা পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
তারা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্ত টমটম চালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














