সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় চিংড়িজোনের মৎস্য ঘেরে চাঁদাবাজি চক্রের অন্যতম হোতা গ্রেফতার

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় চিংড়িজোনের মৎস্য ঘেরে আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজিতে জড়িত সন্ত্রাসীগ্রুপের অন্যতম হোতা মোক্তার হোসেন (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার রাতে থানার ওসি মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মৎস্য ঘের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন।

তিনি বলেন, চকরিয়া থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ‘সাদা সোনা’ খ্যাত চিংড়ি শিল্পের (চিংড়িজোন) নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের বিশেষ নজরদারি শুরু করে।

এরই অংশ হিসেবে রোববার রাতে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকার চিংড়ি ঘেরগুলোতে চাঁদাবাজির জেরধরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে প্রস্তুতি নেয়ার খবর পেয়ে থানা পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে পুলিশ ধাওয়া করে চাঁদাবাজ চক্রের অন্যতম সদস্য মোক্তার হোসেনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মোক্তার হোসেন চিরিঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর এলাকার মোজাহের আহম্মদ প্রকাশ বাইগ্যার ছেলে।

ওসি মনির হোসেন বলেন, গ্রেফতারকৃত মোক্তার হোসেন চিংড়িজোন এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের অন্যতম প্রধান সদস্য।

তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘেরের প্রকৃত মালিকদের প্রাণে হত্যার ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

এছাড়া সন্ত্রাসী গ্রুপের সদস্যরা চিংড়িজোনের মৎস্য ঘেরে আধিপত্য বিস্তার এবং মাছ লুটের সঙ্গেও জড়িত।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই (উপপরিদর্শক) ফরিদ হোসেন বলেন, গ্রেফতারকৃত মোক্তার হোসেনসহ সহযোগী সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

সোমবার দুপুরে তাঁকে আইনি প্রক্রিয়ায় চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর