এম জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকার সংরক্ষিত বনাঞ্চলে আবারও জবরদখল চেষ্টার ঘটনা ঘটেছে।
ইতোমধ্যে কতিপয় দখলবাজ চক্র বনের জমি দখলে নিয়ে সেখানে অবৈধভাবে নতুন অবৈধ বসতি স্থাপনের কাজ করছেন।
পাশাপাশি দখলে নেওয়া বনের জায়গা প্লট বানিয়ে বেচাকেনার জড়িয়ে পড়েছেন।
এ অবস্থায় কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া ফাসিয়াখালী রেঞ্জের উচিতারবিলের সরকারি বনভূমি নতুন করে বেহাত হতে চলছে।
অবশ্য দখল পরিস্থিতি পর্যবেক্ষন করে ইতোমধ্যে অভিযান শুরু করেছেন ফাসিয়াখালী রিংভং বনবিটের বনকর্মীরা।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বনবিট কর্মকর্তা খসরুল আমিনের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় বনকর্মীরা অভিযান চালিয়ে ফাসিয়াখালী ইউনিয়নের উচিতারবিলে বনের জমিতে তৈরি করা ৯টি অবৈধ স্থাপনা (বসতি) উচ্ছেদ করে দিয়েছেন।
ফাসিয়াখালী রিংভং বনবিট কর্মকর্তা মোঃ খসরুল আমিন বলেন, বেশ কিছুদিন আগে স্থানীয় কতিপয় দখলবাজ প্রকৃতির লোকজন দাপট দেখিয়ে ফাঁসিয়াখালীবিটের উচিতারবিল মৌজার ফতিহারঘোনা পাহাড় এলাকায় বনের জায়গা দখলে নিয়ে সেখানে অবৈধভাবে নতুন স্থাপনা (বসতি) তৈরি করে।
তিনি বলেন, বিষয়টি বনবিভাগের কক্সবাজারের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মোঃ মারুফ হোসেন ও ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মোঃ সাদেকুর রহমানকে অবগত করা হয়।
পরে তাদের নির্দেশনার আলোকে চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে বনকর্মী এবং সিপিজি টহল টিমের সদস্যদের নিয়ে বনের ওই এলাকায় অভিযান চালিয়ে দখলবাজ চক্রের তৈরি করা নতুন ৯টি অবৈধ স্থাপনা (বসতি) উচ্ছেদ করে দেওয়া হয়েছে।
চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মোঃ সাদেকুর রহমান বলেন, বনকর্মীদের এই অভিযানের মাধ্যমে দখলবাজ চক্রের থাবা থেকে সরকারি সংরক্ষিত বনাঞ্চলের ৩ একর বনভূমি উদ্ধার করা হয়।
তিনি বলেন, তদন্তের মাধ্যমে বনের জমি অবৈধ জবরদখলে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।













