দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া উপজেলার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৪ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩২ প্যাকেট ভুট্টা দানা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।
এ ঘটনায় এক রোহিঙ্গা বালককে আটক করা হয়েছে।
শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর কে/৯ ব্লকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াস নামে এক ব্যক্তির দোকানের সামনে সন্দেহজনকভাবে একটি স্কুল ব্যাগ কাঁধে নিয়ে ঘোরাফেরা করছিল এক রোহিঙ্গা কিশোর।
তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় রোহিঙ্গারা তাকে আটক করে।
পরে তার ব্যাগ তল্লাশি করে সাদা কসটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সিআইসি মো. মিনহাজুল ইসলামকে জানানো হলে তিনি ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে খবর দেন।
খবর পেয়ে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম)-এর নির্দেশনায় এসআই মো. মিজানুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।
সেখানে স্থানীয়দের জিম্মায় থাকা মাহবুবুর রহমান (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়। সে বালুখালী-২ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
উপস্থিত সাক্ষীদের সামনে প্যাকেট দুটি খুলে দেখা যায়, একটি প্যাকেটে ৫০টি নীল রঙের জিপার লকযুক্ত পলিপ্যাকেটের ভেতরে মোট ৪ হাজার ৬৫০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট রয়েছে।
অন্য প্যাকেটে পাওয়া যায় ৩২টি পলিপ্যাকেটে ভরা ভুট্টা দানা।
উদ্ধারকৃত আলামত একই দিন বিকেল ৩টায় জব্দতালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষরের মাধ্যমে জব্দ করা হয়।
এ ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ২ মে ২০২৬; ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিষয়ে আরও তদন্ত চলছে।














