নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরে ডুবে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মেহেদী হাসান মারুফ (১৮) সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আন্নর আলী মাতবর পাড়ার বাসিন্দা মিজবাহ উদ্দিন বাবুলের ছেলে এবং পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বসতবাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছিলেন মারুফ। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করি।
এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মারুফ সাঁতার কাটতে জানতো না।
ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে ডুবে গেছে মারা গেছে সে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ গিয়েছিল। থানায় অপমৃত্যুর মামলা হবে।
তবে পরিবারের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।














