হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে টেকনাফের আলোচিত মানবপাচারকারী শাকের মিয়া ওরফে শাকের মাঝি (৪২) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শাকের মাঝি সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুন্ডারডেইল এলাকার কবির আহমদের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি টেকনাফ অঞ্চলের অন্যতম শীর্ষ মানবপাচারকারী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, মানবপাচারের শিকার ব্যক্তিদের বহনকারী নৌকা আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ডুবে যাওয়ার ঘটনায়ও তিনি মূলহোতা হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত ছিলেন।
এ ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।
পুলিশ জানায়, শাকের মাঝির বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।













