দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, শনিবার (১০ মে) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি খাইরুল বশর প্রকাশ পুতিয়া (৩৫)কে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত খাইরুল বশর উখিয়া উপজেলার পালংখালীর পুরান মোছার খোলা এলাকার বাসিন্দা।
তার পিতার নাম নাজির হোসেন প্রকাশ কালু মিস্ত্রি এবং মাতার নাম আনোয়ারা বেগম।
র্যাব জানায়, খাইরুল বশর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় দায়ের করা একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি।
আদালত তাকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করলে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
অভিযানের পর গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, জনস্বার্থে মাদক ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














