মঙ্গলবার ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এল ক্লাসিকোতে রিয়ালকে উড়িয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

🗓 সোমবার, ১১ মে ২০২৬

👁️ ২৮ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১১ মে ২০২৬

👁️ ২৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ড্র করলেই ট্রফি জয় নিশ্চিত হতো বার্সেলোনার।

তবে ড্র নয়, একপেশে দাপট দেখিয়েই ভাঙাচোরা রিয়ালকে উড়িয়ে দিল বার্সেলোনা।

মর্যাদার এল ক্লাসিকোতে ২-০ গোলে জয় তুলে নিল হান্সি ফ্লিকের দল। গুরুত্বপূর্ণ ম্যাচে স্কোরশিটে নাম তুললেন মার্কাস র‍্যাশফোর্ড ও ফেরান তোরেস।

রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। ৩৫ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে তারা চলে গেল বাকিদের ধরাছোঁয়ার বাইরে। তিন ম্যাচ বাকি থাকতেই খেতাব জয় নিশ্চিত হলো বার্সেলোনার।

এল ক্লাসিকোর আগেই বাবার মৃত্যুর খবর পেয়েছিলেন বার্সার কোচ হান্সি ফ্লিক। তবে শেষটা হলো জয় দিয়েই।

মাঠের বাইরের সমস্যায় জর্জরিত ছিল রিয়াল মাদ্রিদ। ফেদেরিকো ভালভের্দে, অরিয়েল চুয়ামেনির মধ্যে ঝামেলা, ড্রেসিংরুমে ফাটল, এমবাপের চোট— সব নিয়েই মাঠে নেমেছিল বার্সার ঘরের মাঠে খেলতে নেমেছিল রিয়াল। কিন্তু লাভ হয়নি। ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা।

Watch Video: র‍্যাশফোর্ডের দুরন্ত গোল

ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। বক্সের বাইরে ফেরান তোরেসকে ফাউল করে বসেন রিয়ালের ডিফেন্ডার রুডিগার। জোরালো শটে ফ্রি-কিক থেকে সরাসরি গোল করেন র‍্যাশফোর্ড। বার্সার হয়ে শেষবার এল ক্লাসিকোতে ফ্রি-কিক থেকে সরাসরি গোল করেছিলেন লিওনেল মেসি। সেটা ছিল ২০১২ সালে। ১৪ বছর পরে সেই স্মৃতি ফেরালেন র‍্যাশফোর্ড।

কিছুক্ষণ পরেই ব্যবধান বাড়ান তোরেস। বাঁ প্রান্ত থেকে আক্রমণে উঠে বক্সে ক্রস রাখেন হোয়াও কানসেলো। সেই বল ধরে দানি ওলমো আলতো টাচে বাড়িয়ে দেন তোরেসের দিকে। গোল করতে ভুল করেননি এই স্প্যানিশ উইঙ্গার। ১৮ মিনিটের মধ্যে ২-০ এগিয়ে গিয়ে মিডফিল্ডে নিজেদের দখল আরও বাড়ায় বার্সা। রিয়ালের হয়ে গন্সালো গার্সিয়া, ভিনিসিয়াসরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধের ছবি

দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতি-প্রকৃতি পাল্টায়নি। ৫০ মিনিটের মাথায় ঝামেলায় জড়ান দুই দলের ফুটবলাররা। ৬৩ মিনিটের মাথায় রিয়ালের হয়ে জুড বেলিংহ্যাম গোল পেলেও তা বাতিল হয় অফসাইডের জন্য। এর পরে দুই দলই বেশ কয়েকবার সুযোগ পায়। তবে লেবানদস্কি, রাফিনিয়ারা লিড বাড়াতে পারেননি। অন্য দিকে ভিনিসিয়াসরাও রিয়ালের হয়ে গোল শোধ করতে পারেননি। ২-০ গোলেই ম্যাচ জেতে বার্সেলোনা।

২৯তম লা লিগা খেতাব জয় বার্সেলোনার

শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ক্যাম্প ন্যু। এই ম্যাচ জিতে ৯১ পয়েন্টে পৌঁছল বার্সেলোনা। লিগ টেব্‌লে দ্বিতীয় স্থানে রাখা রিয়ালের সংগ্রহ ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট। বাকি তিনটি ম্যাচ জিতলেও মোট ৮৬ পয়েন্টে পৌঁছবে তারা। ফলে বার্সাকে টপকানো সম্ভব নয়। তাই তিন ম্যাচ বাকি থাকতেই লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সা।

২০২৪-২৫ এর পরে ২০২৫-২৬ মরশুমেও খেতাব ধরে রাখল তারা। এই নিয়ে ২৯বার লা লিগা জেতার নজির গড়ল কাতালান এই ক্লাব। ম্যাচ শেষে ট্রফি তুলে দেওয়া হয় বার্সার টিমের হাতে। ট্রফিহীন হয়েই মরশুম শেষ করতে হলো রিয়াল মাদ্রিদকে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর