হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ সময় এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ সূত্র জানায়, গত ১০ জুলাই বিকেল ৫টা ৫ মিনিটে র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে সিএনজি অটোরিকশাযোগে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় র্যাব ক্যাম্পের সামনের সড়ক দিয়ে অতিক্রম করবে।
সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিকেল ৫টা ৪৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরইতলী এলাকায় সিপিসি-১ র্যাব ক্যাম্পের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
পরে বিকেল ৫টা ৫৫ মিনিটে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালক মো. মোবারককে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেখানো মতে সিএনজি অটোরিকশার নিচে বাম পাশের চাকার পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. মোবারক (১৯) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (জিনজিরা পাড়া) এলাকার সৈয়দ আলীর ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।














