কক্সবাংলা ডটকম :: ইরানের শীর্ষ নেতারা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে বলে ইঙ্গিত দিয়েছে ইজ়রায়েল। শুক্রবার এই নিয়ে মুখ খোলেন ট্রাম্প এবং সরাসরি জানিয়ে দেন, তাঁর কিছু হলে ইরানের উপরে হামলা চালানোর নির্দেশ দেওয়া আছে সেনাকে।
নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগেই নির্দেশ দিয়ে রেখেছি, আমার যদি কিছু হয়, তা হলে ইরানের উপরে এমন হামলা চালানো হবে, যা ওরা আগে কোনও দিন দেখেনি।’
ট্রাম্পকে হত্যার হুমকি নতুন নয়। তিনি প্রথমবার রাষ্ট্রপতি হওয়ার পরে, আমেরিকার সেনার হামলায় মৃত্যু হয়েছিল ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ সেনাকর্তা কাসেম সোলেইমানির। তার পর থেকেই প্রতিশোধের হুমকি দিয়ে আসছে ইরান।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই।
তার প্রায় চার মাস পরে বৃহস্পতিবার (৯ জুলাই) তাঁকে সমাধিস্থ করা হয়েছে। তার মধ্যেই ইরানে হামলা চালাতে শুরু করেছেন ট্রাম্প। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি আর তিনি মানবেন না।
তার পরেই ইরানের ৮০টি এলাকায় একযোগে হামলা চালিয়েছে আমেরিকান সেনা। ট্রাম্পের কথায়, ‘ওরা (ইরান) অত্যন্ত হিংস্র। ওদের মোকাবিলা করতে হলে আমাদেরও কঠোর হতে হবে।’
যদিও ট্রাম্প জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন, তবে সেই আলোচনায় আদৌ কোনও লাভ হবে না বলেই তাঁর বিশ্বাস। ট্রাম্পের কথায়, ‘আমাদের প্রতিনিধিরা চাইলে কথা বলতেই পারে। কিন্তু আমার মনে হয়, ওরা (ইরান) শুধু সময় নষ্ট করছে।’
ইজ়রায়েলের গোয়েন্দা তথ্যের প্রসঙ্গ টেনে আনেন আমেরিকার প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘এটা নতুন কিছু নয়। আমি অনেক দিন ধরেই ওদের এক নম্বর টার্গেট।’ তার পরেই হাসতে হাসতে বলেন, ‘আশা করি, তখন আপনারা আমাকে মিস করবেন।
’ কিন্তু তাঁর কিছু হলে যে ইরানকে সুদে-আসলে জবাব দেওয়া হবে, তা-ও বুঝিয়ে দেন ট্রাম্প। সরাসরি বলেন, ‘আগেই নির্দেশ দিয়ে রেখেছি, আমার যদি কিছু হয়, তা হলে ইরানের উপর এমন হামলা হবে, যা তারা জীবনে কখনও দেখেনি।’
এ দিকে ট্রাম্প যুদ্ধবিরতি ‘শেষ’ ঘোষণা করার পরে এ দিন আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। তারা জানিয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ করলে ‘উচিত জবাব’ দেওয়া হবে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমেরিকা যদি চুক্তি বা প্রতিশ্রুতি ভাঙে, তাহলে আমরা পাল্টা ব্যবস্থা নেব।’
তবে যাই হোক না কেন, ইরান আত্মসমর্পণ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ‘ইরান আত্মসমর্পণ করবে না। আমরা নিজেদের রক্ষা করতে জানি।’














