কক্সবাংলা ডটকম(১০ আগস্ট) :: প্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকে দা ভিঞ্চির আঁকা ‘মোনালিসা’ চুরি হয়ে যায় ১৯১১ সালের ২১ অগাস্ট। সেটা ছিল কোনো এক রবিবার রাত।
চুরির ঘটনার ২৬ ঘণ্টা পর টনক নড়ে মিউজিয়াম কর্তৃপক্ষের। নিরাপত্তাকর্মীরা প্রথমে দেখতে পায় ছবিটা দেয়ালের ঠিক যে জায়গায় বসানো ছিল তা শূন্য। হৈচৈ পড়ে যায় সঙ্গে সঙ্গে। ফরাসি পুলিশ তদন্তে নামে। বন্ধ করে দেওয়া হয় ফ্রান্স থেকে বের হওয়ার সমস্ত পথ। কিন্তু চোর কোথায়?
এই আগস্টে পৃথিবী জুড়ে তোলপাড় ফেলে দেওয়া ছবি চুরির ঘটনাটির বয়স হলো ১১৫ বছর।
ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস চার হাজার স্বর্ণমুদ্রার বিনিময়ে ছবিটি কেনেন ১৫১৭ সালে। পরে ছবির মালিক বনে যান সম্রাট নেপোলিয়ন। তার মৃত্যুর পর মোনালিসার স্থান হয় ল্যুভর মিউজিয়ামে। ততদিনে ছবিটির ঐতিহ্যগত ও সাংস্কৃতিক গুরুত্ব অমূল্য হয়ে উঠেছে।

পোস্টকার্ডে মোনালিসা চুরির সময় অর্থাৎ ১৯১১ সালে প্যারিসের ল্যুভর মিউজিয়ামতদন্তে নেমে গোয়েন্দারা প্রথমে বিশেষ কোনো ক্লু খুঁজে পায়নি। একজন রক্ষী ভেতর থেকে খুলে ফেলা একটি দরজার হাতল পেয়েছিল ভবনের পেছন দিকের সিঁড়িতে। একজন কাঠমিস্ত্রি জানিয়েছিল, জাদুঘরেরই কেউ একজন তাকে ডেকে এনেছিল হাতলটি মেরামত করার জন্য।
দরজা খোলা ও বন্ধের সময় আটকে যাচ্ছিল বারবার। আরেকজন রক্ষী জাদুঘরের পেছন দিকের রাস্তায় একটি শূন্য কাঠের বাক্স খুঁজে পায়। গোয়েন্দারা সেই বাক্সের গায়ে কিছু আঙুলের ছাপ পায়। চিত্রচোরকে ধরতে দায়িত্ব দেওয়া হয় ফরাসি গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আলফান্সো বার্তেলিয়নকে। আলফান্সো কাজে নেমেই ঘটনার দিন জাদুঘরে কর্মরত ছিল এমন ২৫৭ জন কর্মচারীর আঙুলের ছাপ সংগ্রহ করে।
সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হয় গোটা দেশের পেশাদার অপরাধীদের আঙুলের ছাপ। ফরাসি পুলিশ মোনালিসার ছবিসংবলিত ৬,৫০০ লিফলেট বিলি করে। কেউ চোর আর ছবির সন্ধান দিতে পারলে তার জন্য ৪০ হাজার ফরাসি মুদ্রা পুরস্কার ঘোষণা করে পুলিশ বিভাগ। কিন্তু তাদের সব উদ্যোগ ব্যর্থ হয়। চিত্রচোরের কোনো সন্ধানই পাওয়া যায় না।

মোনালিসা চুরির পরচুরির ঘটনার এক মাস পর গোয়েন্দারা হঠাৎ করে আটক করে ফরাসি কবি গিয়্যাম অ্যাপোলোনিয়ারকে। সঙ্গে মিসরের কয়েকজন ছাত্রকেও ধরা হয়। তারা প্যারিসে ঘুরতে এসে সেই দিন জাদুঘরে দর্শনে গিয়েছিল।
কবিকে আটকের প্রধান কারণ ছিল, তার তখনকার ব্যক্তিগত সচিব গ্রে পিঁরেত একদা ছবিচোরদের একটি দলে সক্রিয়ভাবে যুক্ত ছিল।
গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে অ্যাপলোনিয়ার বেশ ঘাবড়ে গিয়ে বলে দেন চিত্রকর পাবলো পিকাসোর নাম। গোয়েন্দারা তখন পিকাসোকেও জিজ্ঞাসাবাদ করতে ছাড়েনি। পরে পত্রপত্রিকায় খবর ছড়িয়েছিল, গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করতে এলে ভীষণ বিরক্ত হয়েছিলেন পিকাসো অ্যাপোলোনিয়ারের ওপর।
দুই বছর ধরে ফরাসি পুলিশ চুরি যাওয়া মোনালিসাকে খুঁজে বেড়ায় ইউরোপ জুড়ে। তখন ল্যুভর মিউজিয়ামে মোনালিসার ছবির জন্য নির্দিষ্ট দেয়ালটি খালি রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেই শূন্যস্থান দেখার জন্যও প্রচুর দর্শক ভিড় জমাত জাদুঘরে।

মোনালিসা’ চুরি করে রঙমিস্ত্রি ভিনসেনজো পেরুজিয়া।দুই বছর নানা জায়গায় জাল ফেলে অবশেষে গোয়েন্দারা ধরে ফেলে সেই চিত্রচোরকে। তার নাম ভিনসেনজো পিরুজিয়া। ইতালিতে জন্ম নেওয়া পিরুজিয়া ফ্রান্সে বসবাস করত। পেশায় সে ছিল রঙমিস্ত্রি।
মাঝে কিছুদিন প্যারিসে একটি কাচ কাটার দোকানে কাজ নিয়েছিল সে। আর সেই সূত্রেই জানালা মেরামতের কাজ নিয়ে সে জাদুঘরে ঢুকেছিল। তখনই পিরুজিয়া মোনালিসা উধাও করার পরিকল্পনা আঁটে। অদ্ভুত বিষয় হচ্ছে, দুই বছর ছবিটি সে নিজের ফ্ল্যাটেই রেখে দিয়েছিল।
উত্তেজনা থিতিয়ে গেছে ভেবে সে ছবিটি বিক্রির পরিকল্পনা করে। ১৯১৩ সালে তার লেখা চিঠি পৌঁছায় ফ্লোরেন্সে এক আর্ট ডিলারের কাছে। চিঠিতে পিরুজিয়া ৫ লাখ লিরা মূল্য ঠিক করেছিল মোনালিসার জন্য। সেই চিঠিই তার জন্য কাল হয়েছিল। ইতালির গোয়েন্দা বিভাগ সেখানকার ডাক বিভাগের সূত্রে চিঠির সন্ধান পেয়ে খবরটা জানিয়ে দেয় ফরাসি গোয়েন্দা বিভাগকে। পুলিশ পৌঁছে যায় পিরুজিয়ার ফ্ল্যাটের দরজায়।
তুখোড় চোর পিরুজিয়া চালাকি করে আদালতে নিজের অবেদনে বলেছিল, ছবি চুরির পেছনে তার প্রধান কারণ ছিল দেশপ্রেম। মোনালিসা দা ভিঞ্চির আঁকা। তাই সেটির স্থান হওয়া উচিত ইতালিতেই। তার এমন বক্তব্যের কারণে আদালত তাকে মাত্র এক বছর ১৫ দিনের কারাদণ্ড দেন। কিন্তু সাত মাস কারাভোগ করেই পিরুজিয়া মুক্ত হয়ে যায়।
গোয়েন্দাদের অনুমান, সে ছবিচোরদের চক্রের প্রভাব কাজে লাগিয়েছিল। কারামুক্তির পর সে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়। যুদ্ধ শেষ হলে আবার ফিরে আসে ফ্রান্সে। প্যারিসেই ১৯২৫ সালে মৃত্যু হয় বিংশ শতাব্দীর বিখ্যাত চিত্রচোর ভিনসেনজো পিরুজিয়ার।













