দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় মো. নুর ছিদ্দিক (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামতলী বাগঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি পালংখালীর জামতলী বাগঘোনা এলাকার বাসিন্দা জাফর আলম ও সামারুপ বেগমের ছেলে।
জানা যায়, মো. নুর ছিদ্দিক নিজ শয়নকক্ষের সিলিংয়ের কাঠের বিমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে মরদেহ মর্গে পাঠানো হয়।
উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দীন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।













