হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৩ জনকে উদ্ধার করেছে র্যাব-১৫।
এ সময় পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।
র্যাব জানায়, গত ৩০ মার্চ দিবাগত রাত (৩১ মার্চ) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দক্ষিণ লম্বরী এলাকার মোছা. মরিয়ম বেগমের বসতবাড়িতে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র নারী ও পুরুষদের জোরপূর্বক আটকে রেখেছে।
তাদের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।
সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালালে পাচারকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে বাড়িটি থেকে মোট ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।
ঘটনায় জড়িত পলাতক আসামিরা হলেন— মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) এবং মো. সাইফুল ইসলাম (২৪)।
তারা সবাই টেকনাফ থানার বাসিন্দা। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মানবপাচারকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।













