হেলাল উদ্দিন, টেকনাফ :: টেকনাফ পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে রাস্তার দুই পাশ দখল করে স্থাপিত অস্থায়ী দোকান, টংঘর ও অন্যান্য অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেয় টেকনাফ পৌরসভা।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত ছিল বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌর শহরের ব্যস্ত সড়কের পাশে দোকান বসিয়ে সড়কের জায়গা দখল করা হচ্ছিল।
এতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান চৌধুরী বলেন, “সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
তাই জনস্বার্থে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”
তিনি আরও বলেন, সড়ক ও সরকারি জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে নজরদারি করা হবে।
ভবিষ্যতেও কেউ অবৈধভাবে দোকানপাট স্থাপন করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ অভিযানের ফলে সড়কের জায়গা দখলমুক্ত হওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।














