এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁওতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।
সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠে।
বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও স্বল্প আয়ের চাকরিজীবীরা সংসারের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন।
১০মে (রবিবার) ঈদগাঁওয়ের কাঁচা বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে কোন সবজিই ৭০ থেকে ১শ টাকার নিচে বিক্রি হচ্ছেনা।
কাঁচামরিচ, বেগুন, টমেটো,শসা,করলা,ভেন্ডি,বরবটিসহ প্রায় এসব ধরনের সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
দুদিন পূর্বেও ঈদগাঁও বাজারে কাঁচামরিচ বিক্রি করেছিল ৫০/৬০ টাকায়। একলাফে তা বাড়িয়ে ১শত টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।
পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ডিমের দামও। একশত টাকায় ১২/১৩ টি ডিম পাওয়া যেত। এখন ১০টি ডিমও দিচ্ছেনা বিক্রেতারা।
এক দোকান কর্মচারী জানান, পূর্বে যে টাকায় এক সপ্তাহের বাজার করতাম, এখন সেই টাকায় তিন দিনও চলেনা। আয় বাড়েনি, কিন্তু প্রতিদিন বাজারের খরচ বাড়ছে।
সংসার চালাতেও এখন হিমশিমে পড়ছি।
দিনমজুর আবু তাহের জানান, কাজকর্ম করেই দিনে যা আয় করি, তা দিয়ে ভালমতো সংসার চলেনা। ভালমানের খাবার তো দূরের কথা,এখন সবজি কিনতেও বিপাকে পড়েছি।
সচেতন মহলের দাবী, বাজার কেন্দ্রীক মনিটরিং জোরদার,অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলেই পরিস্থিতি খারাপ হতে পারে।














